প্রকাশিত : ১৪:৫৪
১২ জুলাই ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আজ রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, পাশাপাশি মাদ্রারাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত) অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।
স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।