প্রকাশিত : ১৭:৫০
২৩ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট: ০৬:০০
২৪ নভেম্বর ২০২২
শেয়ারবাজারে স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম (এসএমই) মার্কেটে লেনদেনের সীমা নতুন করে বেঁধে দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাধেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্দেশনা অনুযায়ী সেকেন্ডারী মার্কেটে কমপক্ষে ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকলেই এসএমই মার্কেটে লেনদেন করতে পারবে। বিএসইসির এই নির্দেশনায় গত ১৩ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছে আদালত।
আদালতের এই স্থগিতাদেশ বাতিল চেয়ে গতকাল মঙ্গলবার আবেদন করেছিল বিএসইসি। কিন্তু বিএসইসির এই আবেদন না শুনে আপিল বিভাগে পাঠিয়ে দিয়েছে চেম্বার আদালত। আগামী ৫ ডিসেম্বর সেখানে শুনানি হওয়ার কথা রয়েছে।
তবে আদেশ বহাল থাকলেও এখনই সকল বিনিয়োগকারী এসএমই মার্কেটে শেয়ার লেনদেন করতে পারছেন না। কারণ বিষয়টি বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে বিএসইসির একটি সূত্র।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ে মঙ্গলবার ‘নো অর্ডার’দিয়ে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। এ আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন বিনিয়োগকারীদের পক্ষে রিটের আইনজীবী।
এর আগে শেয়ারবাজারে এসএমই (স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) মার্কেটে লেনদেনের জন্য কমপক্ষে ৩০ লাখ টাকার শর্ত দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সিদ্ধান্ত স্থগিত করে ১৩ নভেম্বর বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয়। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।
আদালতে বিএসইসির পক্ষে শুনানি করেন এ এম মাসুম। আর রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোস্তফা কামাল।