প্রকাশিত :  ২০:২২
১৩ আগষ্ট ২০২২

মৌলভীবাজার : ইতিহাস-ঐতিহ্যের ধারক

  মৌলভীবাজার : ইতিহাস-ঐতিহ্যের ধারক
 নবাব উদ্দিন                       

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি সুশোভিত, অপরূপ ভূখণ্ডের নাম মৌলভীবাজর। প্রকৃতির নিরাবরণ রূপের মাধুরিতে সৌকর্যমণ্ডিত এই অঞ্চলের রয়েছে সহাস্রাব্দের এক সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাস। সবুজ-শ্যামল মাটির একখণ্ড ভূমি মৌলভীবাজার প্রাচীন সভ্যতার পীঠস্থান, যেখানে জন্ম নিয়েছিলেন অগণিত কীর্তিমান ব্যক্তিবর্গ, যাঁদের অবদান বাংলাদেশ ও বাঙালি জাতির কাছে চিরঅম্লান, চিরভাস্বর হয়ে থাকবে। 
৫৬ হাজার বর্গমাইল বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত প্রাকৃতিক  সৌন্দর্য্যের লীলাভূমি, ‘দু'টি পাতা একটি কূড়ির দেশ’ এই মৌলভীবাজার জেলা। চা-বাগান, হাওর, বিল, ঝিল, পাহাড়, ঝর্ণা, নদীবিধৌত এই ভূখণ্ডটি ছিল এককালে প্রাচীন কামরূপ ও ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত। উল্লেখ্য যে, ইতিহাস ও ঐতিহ্যের আলোকে মৌলভীবাজার জেলাকে অনুসন্ধান করতে গেলেই সর্বাগ্রে বৃহত্তর সিলেটের ইতিহাসে আলোকপাত করতে হবে। ইতিহাস ও ঐতিহ্য পর্যালোচনায় জানা যায়, বহুপূর্ব থেকেই মৌলভীবাজার তথা সিলেট অঞ্চল পবিত্র ভূমি হিসাবে পরিচিত ছিল। রামায়ণ ও মহাভারত এর মত উল্লেখযোগ্য মহাকাব্যে এ অঞ্চলের উল্লেখ রয়েছে। শাস্ত্র গ্রন্থের বরাতে বলা হয়, সত্যযুগে ‘মণু’ নামের ভগবান বর্তমান মণু নদীর তীরে শিবপূজা করতেন বলে এই নদীর নাম মণুনদী হয়েছে। শাস্ত্রে বিশ্বাসী হিন্দুগণ বরবক্র ও মণু নদীতে তীর্থযাত্রায় আসতো। বরবক্র, মণু ও ক্ষমা (খোয়াই) নদীগুলো এ অঞ্চলের ভূমি বিস্তার এবং উক্ত নদী গুলোকে ঘিরে তীর্থযাত্রীদের আগমন অত্র অঞ্চলের জনবসতি বিস্তারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। মৌলভীবাজার অঞ্চলের দক্ষিণ-পূর্বাংশের কিছু অংশ ছাড়া বাকি সবটুকুই কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে।
সুলতানি আমলে তথা বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের (১৩০১-১৬২২) সময় মৗলভীবাজারসহ সমগ্র সিলেট অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। আরবের ইয়েমেন থেকে আগত জগৎ বিখ্যাত ওলি হযরত শাহজালাল (রঃ) এর সিলেট আগমনের পর তাঁর সঙ্গী-সাথীদের মধ্যে অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) ইসলাম প্রচারের জন্য মৌলভীবাজার অঞ্চলে আসেন। তিনি বাগদাদের অধিবাসী ছিলেন। মৌলভীবাজার শহরেই তাঁর মাজার রয়েছে।
মোগল আমলে বর্তমান মৌলভীবাজার অঞ্চল মোগল সাম্রাজ্যের অংশ ছিল।  মোগল সম্রাট আকবরের সময়ে এক যুদ্ধে ইটা রাজ্যের (মৌলভীবাজার জেলার দক্ষিণ-পূর্বাংশ ইটা রাজ্যের অধীন ছিল) রাজা সুবিদ নারায়ণের মৃত্যুর পর এই রাজ্য পাঠান বীর খাজা ওসমানের অধিকারে আসে। ১৬১২ সালে সিলেটের অধিকর্তা মোগল সেনাপতি ইসলামখানের আক্রমণের পূর্ব পর্যন্ত ইটা রাজ্যের একচ্ছত্র অধিপতি ছিলেন খাজা ওসমান।
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা হারানোর পরই এদেশে ইংরেজ শাসন প্রবর্তিত হয়। ব্রিটিশ সরকার ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে এবং তালুকভিত্তিক জমিদার ও মিরাসদার শ্রেণী সৃষ্টি করে অবিবেচকের মত সাধারণ প্রজার কাছ থেকে খাজনা আদায় শুরু করে। ইংরেজদের এই শোষণ ও অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে স্বাধীনতার প্রথম চেতনা প্রকাশে ঐতিহাসিক সিপাহী বিপ্লব সংঘটনে মৌলভীবাজার অঞ্চলের সিপাহীদের অবদান উল্লেখযোগ্য। ১৮৫৭ সালের ২৩শে ডিসেম্বর মৌলভীবাজারের ‘লাতু’ নামক স্থানের নিকটে একদল বিদ্রোহী সিপাহী (সেনা) ইংরেজদের মুখোমুখি হয়। 
১৮৭৪ সালের পূর্ব পর্যন্ত বর্তমান মৌলভীবাজার জেলাসহ বৃহত্তর সিলেট ঢাকা বিভাগের একটি জেলা হিসেবে বিদ্যমান ছিল। ১৮৭৪ সালে আসামের সাথে একে অন্তর্ভুক্ত করে একটি নতুন প্রদেশ গঠন করা হয়। ১৯০৫ সালে যখন পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে একটি নতুন প্রদেশ গঠন করা হয়; তখন আজকের সিলেট বিভাগকে রাখা হয়েছিল চট্টগ্রাম বিভাগের একটি জেলা হিসেবে। কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের মাধ্যমে আবার সিলেটকে আসামের সাথে চলে আসতে হয়। ১৮৭৭ সালে সিলেট জেলাকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট সদর ও করিমগঞ্জ নামে ৪টি মহকুমায় বিভক্ত করা হয়। পবের্তীতে দেখা গেলো সিলেট সদর মহকুমা আয়তনে বড়। তাই প্রশাসনিক সুবিধার্থে ১৮৮২ সালের ১ এপ্রিল উত্তর শ্রীহট্ট ও দক্ষিণ শ্রীহট্ট নামে সিলেট সদর মহকুমাকে দুই ভাগে বিভক্ত করা হয়। ১৯৬০ সালে দক্ষিণ শ্রীহট্ট মহকুমার নামকরণ করা হয় মৌলভীবাজার মহকুমা। সূচনাতে মৌলভীবাজার মহকুমা গঠন করা হয় ২৬টি পরগনা নিয়ে। এই ২৬টি পরগনা ছাড়াও ১৯৪০ সালের ২৮ মে করিমগঞ্জের জলডুপ থানাকে বিভক্ত করে ছোট বড় ৭টি পরগনা নিয়ে বড়লেখা থানা গঠন করা হয়। এই থানাটিকে ১৯৪৭ সালে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা তথা মৌলভীবাজার মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ১৯১২ সালের ১০ জানুয়ারি এক সরকারি আদেশে রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া ও কমলগঞ্জ থানা প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
মৌলভীবাজারের এই সাফল্যের ধারা হঠাৎ করেই গড়ে ওঠে নি। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মধারার মাধ্যমে এই সাফল্য আমাদের অগ্রজদের পরিশ্রমেরই যে ফসল এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 
এ পর্যায়ে মৗলভীবাজারের নামকরণের বিষয়টি সংক্ষেপে তুলে ধরতে চাই। সুদূর মোগল আমলের কথা। ১৮১০ সালে হযরত শাহজালাল (রঃ) এর সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) এর ভাতুষ্পুত্র, হযরত ইয়াছিন (র:) এর উত্তর পুরষ মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ মনু নদীর পশ্চিম তীরে জনসাধারণের সুবিধার্থে নিজস্ব মিরাসদারীভুক্ত জমির উপর একটি বাজার প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত বাজারটি ক্রমেই মৌলভী সাহেবের বাজার নামে পরিচিতি লাভ করে। যা পরবর্তীতে এসে মৌলভীবাজার নামে খ্যাতি লাভ করে। ১৯০৫ থেকে ১৯১২ সাল পর্যন্ত জেলা কালেক্টরগণের অধীনে সহকারী ম্যাজিস্ট্রেইট দ্বারা মহকুমার শাসন ক্ষমতা পরিচালিত হতো। ১৯১২ সাল থেকে মহকুমার অধিকর্তা হন মহকুমা প্রসাশক বা এসডিও। ১৯১২ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত সুদীর্ঘ ৭০ বছরে মৌলভীবাজার মহকুমার প্রশাসক ছিলেন ৫৫ জন মহকুমা প্রশাসক। মৌলভীবাজার মহকুমার প্রথম মহকুমা প্রশাসক ছিলেন মি.ই.বি শার্গ আই.সি.এস এবং সর্বশেষ মহকুমা প্রশাসক ছিলেন মোহাম্মদ মমতাজ উদ্দিন সরকার।
 ব্যাপক প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় মৌলভীবাজার মহকুমা ১৯৮৪ সালে জেলার মর্যাদা পায়। বর্তমানে মৌলভীবাজার জেলায় ৭টি উপজেলা, ৬৭টি ইউনিয়ন এবং ২১৩৪টি গ্রাম রয়েছে। উপজেলার মধ্যে রয়েছে, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও জুড়ি। আয়তনের ভিত্তিতে মৌলভীবাজার বাংলাদেশের ২০তম বৃহত্তম জেলা। মৌলভীবাজার জেলার মোট আয়তন ২৭৯৯.৩৯ বর্গ কি.মি. যা সমগ্র বাংলাদেশের মোট আয়তনের ১.৮৮%।
ধনধান্য পুষ্পেভরা মৌলভীবাজার অজ¯্র প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্তে¡ও চায়ের রাজ্য হিসেবে এ জেলা সমধিক পরিচিত। সময় পরিক্রমায় দেশে এখন চা-বাগানের সংখ্যা ১৬৭টি। তন্মধ্যে ৯৩টিই মৌলভীবাজার জেলায় অবস্থিত। দেশের মোট উৎপাদনের ৬৪% চা মৌলভীবাজারেই উৎপাদিত হয়। তাই এই জেলাকে বলা হয় দু’টি পাতা একটি কূড়ির দেশ। বড়লেখার উৎকৃষ্ট আগরবাতি ও আতর বিদেশে রপ্তানি করার ফলে তা বিশ^ব্যাপী সুখ্যাতি অর্জন করেছে। বিচিত্র ধরনের বনস্পতি কাঠ ছাড়াও রাবার, লেবু, আনারস, গ্যাস সম্পদসহ নানামুখী কৃষিজ ও প্রাকৃতিক সম্পদে ভরপুর মৌলভীবাজার অঞ্চল। সেই সাথে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজার দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। নয়নাভিরাম চা-বাগান ও ঘনসবুজ বনানীর পাশাপাশি এ জেলায় বসবাসরত স্বতন্ত্র বৈশিষ্ট্যের নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর বিচিত্র জীবনাচার ও সংস্কৃতি পর্যটকদের আকৃষ্ট করে বারবার। তাই তো এখানে আসা পর্যটকদের কণ্ঠে উচ্চারিত হতে শোনা যায়, প্রকৃতির সান্নিধ্য-দর্শন পেতে অন্তত বাংলাদেশে মৌলভীবাজারের জুড়ি নেই। বস্তুত, বাংলাদেশের আর দশটা জেলা থেকে একটু ভিন্ন রকম এই জেলা। 
স্বপ্নময় এক শোভনীয়-লোভনীয় স্বর্গসদৃশ ভূমির নাম মৌলভীবাজার। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি যেন স্বর্গোদ্যান। স্বতন্ত্র নৈসর্গিক সৌন্দর্য এ  জেলার সাত উপজেলাকে করেছে বৈচিত্র্যময়। বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুÐে প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ইতোমধ্যে কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতও ব্যাপক পরিচিতি লাভ করছে। এ ছাড়াও কমলগঞ্জে চা-বাগানের ভেতর মাধবপুর লেক, শ্রীমঙ্গল ও কুলাউড়ায় খাসিয়া পান-পুঞ্জিতে পানের বরজ, শীমঙ্গলে লেবু বাগান, সারিবদ্ধ আনারস বাগান, উঁচু-নিচু টিলায় চা-বাগানের সারি, বড়লেখার মুরাইছড়া ইকো-পার্ক, কুলাউড়ার হাকালুকি হাওর, মৌলভীবাজার জেলা সদরের অদূরে বর্ষিজোড়া ইকো-পার্ক, শ্রীমঙ্গলের হাইল হাওর, বাইকা বিল, রাজনগরের কমলা রানীর দিঘি, শীমঙ্গল ও কমলগঞ্জের মধ্যবর্তী স্থানে অবস্থিত বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় মিশ্র চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় পার্ক প্রভৃতি মৌলভীবাজার জেলাকে প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমিতে পরিণত করেছে। এছাড়াও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, পাঁচগাঁওয়ের দুর্গামÐপ, মনু ব্যারেজ, কাউয়াদীঘির হাওর, চা-জাদুঘর, টি-রিসোর্ট, নিমাই শিববাড়ি, চা-গবেষণা ইন্সটিটিউট পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।
এবার আসা যাক যুগে যুগে মৌলভীবাজারে জন্ম নেয়া কৃতি সন্তানদের কথায়, যাদের প্রজ্ঞা, সাহস ও বিচক্ষণতায় বাংলাদেশ তথা ভারতবর্ষের সমূহ উন্নয়ন সাধিত হয়েছিল। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক, সামাজিক আন্দোলন সংগ্রামে মৗলভীবাজারের ক্ষণজন্মা কীর্তিমানরা যে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন তা এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। সেইসব কর্মবীর মানুষের কথা এখানে সংক্ষেপে উল্লেখ করতে চাই। উনবিংশ শতাব্দীর শেষ পর্যায়ে সিলেটব্যাপী ‘আঞ্জুমানে ইসলাম’ নামে যে সংগঠনটি মুসলমান সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সে সংগঠনের প্রধান সংগঠক ছিলেন মৌলভীবাজার জেলার সৈয়দ আব্দুল মজিদ সিআইই কাপ্তান মিয়া। ১৯২১ সালে তিনি সিলেট থেকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আসাম আইনসভার সদস্য নির্বাচিত হন। আসামের শিক্ষামন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ব্রিটিশ শাসনামলে মৌলভীবাজারের যে কয়জন কৃতি সন্তান ব্রিটিশ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তাঁদের মধ্যে মৌলানা আব্দুর রহমান সিংকাপনী ছিলেন অন্যতম। ইংরেজ শাসনামলে কমলগঞ্জ থানার ভানুবিলের প্রজা সাধারণ জমিদারী নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ভানুবিল কৃষক বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহের  নেতা ছিলেন পঞ্চানন সিংহ, মোহাম্মদ কাসিম, থেম্বা সিংহ প্রমুখ। ইংরেজ শাসনামলে কংগ্রেস, মুসলিম লীগ, জমিওতে উলামায়ে হিন্দ, জমিওতে ওলামায়ে ইসলাম, ভারতের কমিউনিষ্ট পার্টি, কৃষক প্রজা আন্দোলন, আঞ্জুমানে ইসলাম প্রভৃতি ভারতীয় রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। মৌলভীবাজার মহকুমায়ও প্রতিটি রাজনৈতিক দলের শাখা গঠন করা হয়। মৌলভীবাজার মহকুমা শাখা কংগ্রেসের নেতৃত্বে ছিলেন, কমলাকান্ত গুপ্ত এমএলএ, দক্ষিণা রঞ্জন গুপ্ত এমএলএ, পূর্নেন্দু কিশোর সেনগুপ্ত এমএলএ, জীবন সাওতাল এমএলএ, সত্যেন্দ্র কুমার  সেন, দিজেন্দ্র মোহন দাসগুপ্ত, সূর্য্য মণি  দেব, নিকুঞ্জ বিহারী চৌধুরী, নিকুঞ্জ বিহারী গোস্বামী, সুহাসিনী দেব প্রমুখ। মৌলভীবাজার মহকুমা মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন, নবাব আলী আসগর খান, দেওয়ান আব্দুল বাছিত, মৌলভী সৈয়দ ছৈইদুর রহমান, সৈয়দ সরফরাজ আলী, ইনাম উল্লাহ, মোহাম্মদ মিছির উল্লাহ, আব্দুল মজিদ খান, আব্দুল আজিজ উকিল, আব্দুস সাত্তার, আজিজুর রহমান তরফদার, সৈয়দ বদরুল হোসেন, আলহাজ্জ  কেরামত আলী, দেওয়ান মইনুদ্দিন চৌধুরী প্রমুখ। মৌলভীবাজার মহকুমায় জমিওতে উলামায়ে হিন্দ-এর নেতৃত্বে ছিলেন মৌলানা লুৎফুর রহমান, মৌলানা খলিলুর রহমান, মৌলানা আব্দুর রাজ্জাক চৌধুরী, মৌলানা আব্দুন নূর প্রমুখ।

ঐতিহাসিক ভাষা আন্দোলনের সময় মৌলভীবাজারের ছাত্রসমাজ মিছিল, সভা, সমাবেশের মাধ্যমে জনমত গড়ে তুলেন। সেই সময় মৌলভীবাজারে কোনো কলেজ প্রতিষ্ঠিত না হওয়ায় স্কুলের ছাত্ররাই এই আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে কাজ করেন। নেতৃত্বের ভূমিকায় ছিলেন, সৈয়দ আহমদ মাহমুদ, নজমুল হক  চৌধুরী, আব্দুল মঈদ চৌধুরী, মাহমুদ আলী চৌধুরী প্রমুখ। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে সারা দেশে মুসলিম লীগের ভরাডুবি হলেও মৌলভীবাজার  থেকে মুসলিম লীগের প্রার্থী হিসেবে আহমদুর রহমান খান জয়লাভ করেন। কাগমারী সম্মেলনে আওয়ামী লীগ ভেঙ্গে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর  নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ প্রতিষ্ঠার পর মৌলভীবাজার মহকুমার নবাব আলী সফদার খান, সৈয়দ আকমল হোসেন, তারা মিয়া, আব্দুল মালিক, আজির উদ্দিন খান, রাশেন্দ্র কুমার দেব, রাধিকা মোহন গোস্বামী ন্যাপে যোগদান করেন। এই সময় কৃষক শ্রমিক আন্দোলনের সাহসী নেতা হিসেবে মফিজ আলীর ও সৈয়দ মতিউর রহমানের নাম সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকে। মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন, মোহাম্মদ ফিরোজ, গিয়াস উদ্দিন মনির, আজিজুল হক ইকবাল, মির্জা আজিজ আহমদ  বেগ এবং ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন, শফকতুল ওয়াহেদ, গজনফর আলী চৌধুরী, সৈয়দ মতিউর রহমান, আব্দুল কাদির মাহমুদ প্রমুখ।  
দেশ ও জাতির ক্রান্তিকালে তথা ১৯৫২, ১৯৫৪, ১৯৬২ ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সমগ্র মহকুমাবাসী বলতে গেলে প্রত্যক্ষভাবে রাজপথ দখল করে রেখেছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এই মহকুমাবাসীর সক্রিয় অংশগ্রহণ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে বাংলার  যে ক’টি মহকুমার ভূমিকা শীর্ষে রয়েছে তার মধ্যে মৗলভীবাজার অন্যতম। এই মহকুমার অনেক বীর সন্তান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। অনেক বীর মুক্তিযোদ্ধা তাদের প্রাণ দিয়েছেন বাংলাকে শক্রমুক্ত করার জন্য। তাদের নাম উল্লেখ করতে গেলে এই নাতিদীর্ঘ রচনায় সংকুলান করা সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র দেওগাঁও-এর আলতাফ হোসেন ইংরেজিতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। উপমহাদেশের খ্যাতনামা সাংবাদিক এই কৃতি পুরুষ প্রথমে দিল্লী ও পরবর্তীতে করাচি থেকে প্রকাশিত ডন পত্রিকার সম্পাদক ছিলেন। পরে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রী বিপ্লবী লীলা নাগ রাজনগরের পাঁচগাঁও-এর বাসিন্দা ছিলেন।
 বাংলা সাহিত্যে মৌলভীবাজারের মনীষীদের অবদান অপরিসীম। মধ্যযুগের খ্যাতনামা কবি সৈয়দ শাহনুরের জন্ম রাজনগরে। খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলীর তিন পুত্র সুসাহিত্যিক সৈয়দ মোস্তফা আলী, ঐতিহাসিক সৈয়দ মর্তুজা আলী ও বাংলা সাহিত্য জগতের কুতুব মিনার হিসেবে খ্যাত সৈয়দ মুজতবা আলী শুধু মৌলভীবাজারের নয় সমগ্র বাংলাদেশের গৌরব। ব্রিটিশ ভারতে মুসলমানদের  শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ আলীগড় বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার পতনঊষার ইউনিয়নের আব্দুল ওহাব পদার্থ বিজ্ঞানে এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে শুধু মৌলভীবাজার নয় সমগ্র সিলেটের মুখ উজ্জ্বল করেছিলেন। সাংবাদিকতায় যিনি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছিলেন তিনি হচ্ছেন এস এম আলী। বিলাতের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিন মৌলভীবাজারেরই কৃতি সন্তান। ঐতিহাসিক আশরাফ হোসেন সাহিত্যরত্ন ও লোকসাহিত্য বিশারদ চৌধুরী গোলাম আকবর এই মহকুমার কৃতি সন্তান। মৌলভীবাজার মহকুমার সাহিত্যাঙ্গনে আরো যারা অনন্য ভূমিকা পালন করে গেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন, মির্জা আবদুল হাই, শাহাজান হাফিজ, সৈয়দ শামসুল ইসলাম, আব্দুল ওয়াহাব প্রমুখ।

ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে মৌলভীবাজারের যারা মন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে রয়েছেন,খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়া (আসামের শিক্ষা মন্ত্রী), নবাব আলী হায়দার খান (আসামের কৃষিমন্ত্রী),  দেওয়ান আব্দুল বাসিত (পূর্ব পাকিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী), আলতাফ  হোসেন (পাকিস্তানের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী), জসিম উদ্দিন (পূর্ব পাকিস্তানের আইনমন্ত্রী), এম, সাইফুর রহমান (বাংলাদেশের অর্থমন্ত্রী), সৈয়দ মহসীন আলী (সমাজকল্যাণ মন্ত্রী), শাহাবুদ্দিন আহমদ (বন ও পরিবেশ মন্ত্রী)।

যুক্তরাজ্য, ইউরোপ, মধ্য ও দূরপ্রাচ্যের নগর-বন্দরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মৌলভীবাজারের ভাগ্যান্বেষী কৃতি সন্তানরা। তাদের প্রেরিত অর্থে দিনে দিনে স্ফীত হচ্ছে বাংলাদেশের রিজার্ভ ফান্ড। অন্যদিকে তাদের অর্থেই দিনে দিনে বাড়ছে মৌলভীবাজারের কাঠামোগত আধুনিকায়ন। বিলাতে মৌলভীবাজার মহকুমার প্রথম প্রজন্মের আমাদের আলোর দিশারী পথপ্রদর্শক হচ্ছেন, আলহাজ্জ্ব সিরাজুল ইসলাম (ইছরাইল মিয়া), জরিফ মিয়া, হাজী তসলিম আলী, মিনহায উদ্দিন আহমেদ, আবদুর রহমান খান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ। বিলাতে মৌলভীবাজার মহকুমার প্রথম প্রজন্মের অগ্রপথিক এই সব ব্যক্তিত্বের অগ্রযাত্রাই আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁদের হাত ধরেই আমরা একে একে বিলাতের মাটিতে এসে আমাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করেছি। তাইতো বিলাতে বর্তমানে মৌলভীবাজারবাসী সুদৃঢ় অবস্থান নিয়ে রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, চাকরিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। এই সাফল্যের ধারা বহমান নদীর  স্রোতধারার মতো এগিয়ে যাক এই প্রত্যাশা করি।
আলোচ্য প্রবন্ধে অতি সংক্ষেপে মৌলভীবাজারের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার  চেষ্টা করেছি। মৌলভীবাজারের বিস্তৃত ইতিহাস ও উল্লেখযোগ্য ব্যক্তিত্বসহ পূর্ণাঙ্গ পরিসংখ্যান এই ক্ষুদ্র পরিসরে উপস্থাপন করা সম্ভব নয়। প্রমাণিত তথ্য বা কারো নাম বাদ পড়ে থাকলে লেখক হিসেবে আমি ক্ষমা প্রত্যাশী।

নবাব উদ্দিন: সাবেক সম্পাদক, সাপ্তাহিক জনমত; সাবেক প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেস ক্লাব; চেয়ারম্যান, ইস্টহ্যান্ড এবং নাট্যকার। ১৪ আগস্ট ২০২২, লন্ডন। 

তথ্য সূত্র : (১) শতাব্দী, শতবর্ষপূর্তি স্মারক গ্রন্থ। (২) বৃহত্তর সিলেটের ইতিহাস (প্রথম খ ও দ্বিতীয় খণ্ড)। (৩) ভ্রমণতথ্য মৌলভীবাজার জেলা : আতাউর রহমান কাজল। (৪) বৃটেনে বাংলাদেশী : মুহাম্মদ ফয়জুর রহমান (৫) শ্রীহট্ট দর্পণ : মৌলভী আহমদ।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর