প্রকাশিত :  ০৭:৩২
২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ

প্রথম রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করেও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরাতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। তবে পরদিন রাতে আরও সংগঠিতভাবে হামলা চালায় তারা। এবার পেট্রোলবোমার পাশাপাশি ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্রও। রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে এ হামলার ঘটনা ঘটে।

দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় তিন রাউন্ড গুলিও ছোড়ে হামলাকারীরা।

বৃহস্পতি ও শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। একের পর এক হামলায় উপকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানোর পরও দ্বিতীয় রাতে হামলার ঘটনায় রাতে দায়িত্ব পালন নিয়ে উদ্বেগে রয়েছেন কর্মীরা।

সংশ্লিষ্টব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনার পর থানায় এজাহার দেওয়া হয়। বাড়ানো হয় উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যাও। কিন্তু তাতেও হামলা ঠেকানো যায়নি।

আবারও শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে।

পাশাপাশি পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রোলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। আগুন লাগার পর কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নেভান। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের এক কর্মচারী বলেন, পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

তিনি আরও বলেন, পরপর দুদিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। তাদের পাহারা ছিল। এরপরও পরের রাতেই আবার হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, প্রথম রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় রাতে একটি পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা হবে।



Leave Your Comments




জাতীয় এর আরও খবর