প্রকাশিত : ০৭:২০
২৮ নভেম্বর ২০২৬
সংগ্রাম দত্ত: সবুজে মোড়ানো চা-বাগানের আঁকাবাঁকা পথ, শ্রমিক লাইনের ঘর আর কারখানার আশপাশে আজ অন্যরকম ব্যস্ততা। কোথাও প্রার্থীদের নিয়ে আলোচনা, কোথাও ভোটের হিসাব-নিকাশ, আবার কোথাও দীর্ঘদিনের বঞ্চনা আর প্রত্যাশার গল্প। আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে চা-বাগানের শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ, উদ্দীপনা ও নতুন নেতৃত্বের প্রত্যাশা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। দীর্ঘ বিরতির পর এই ভোট শুধু নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং শ্রমিকদের অধিকার, প্রতিনিধিত্ব ও ভবিষ্যৎ প্রত্যাশার সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ দিন। একই সঙ্গে এই নির্বাচন ফিরে দেখার সুযোগ করে দিয়েছে চা শ্রমিকদের সংগঠিত অধিকার আদায়ের দীর্ঘ ইতিহাস, সংগ্রাম ও নেতৃত্বের উত্তরাধিকার।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রায় ১ লাখ ৪৫ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। জেলার চা-বাগানগুলোতে নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ থাকলেও সেই উৎসবের ভেতরেই রয়েছে বহুদিনের জমে থাকা দাবি, ক্ষোভ, প্রত্যাশা ও নেতৃত্ব পরিবর্তনের আকাঙ্ক্ষা।
মৌলভীবাজারে ৬০ হাজারের বেশি শ্রমিকের ভোট
মৌলভীবাজার জেলার চা-বাগানগুলোতে ভোটের প্রস্তুতি ও নির্বাচনী আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। জেলার সাতটি উপজেলায় পঞ্চায়েতভিত্তিক ভোটারসংখ্যা উল্লেখযোগ্য।
কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
এই ভোটকে ঘিরে শ্রমিকদের প্রত্যাশা শুধু একজন নেতা কিংবা একটি কমিটি নির্বাচন নয়; তাঁরা চান এমন নেতৃত্ব, যারা তাঁদের দৈনন্দিন জীবনের সংকট, মজুরি, আবাসন, চিকিৎসা, শিক্ষা এবং শ্রমিকদের মর্যাদার প্রশ্নে কার্যকর ভূমিকা রাখবে।
অধিকার আদায়ের আন্দোলন থেকে সংগঠনের ইতিহাস
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ইতিহাস কেবল একটি শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস নয়; এটি চা শ্রমিকদের রাজনৈতিক প্রতিনিধিত্ব, সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ইতিহাস।
১৯৪৮ সালের ৩ জুন কুলাউড়ায় শ্রীহট্ট চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শ্রমিকদের সংগঠিত অধিকার আদায়ের আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ পায়। কিশোর সেনগুপ্তের নেতৃত্বে প্রতিষ্ঠিত ওই সংগঠনের প্রথম সভাপতি ছিলেন তিনি। সহসভাপতি ছিলেন এমএলএ জীবন সাঁওতাল, সাধারণ সম্পাদক নিকুঞ্জ বিহারী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক দর্গেশ দেব। সেই সংগঠনই পরবর্তী সময়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা এমএলএ পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত শ্রমিকদের সংগঠিত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৬ সালে ব্রিটিশ ভারতের শেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসাম ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন মাছডিহি চা-বাগানের শ্রমিক নেতা জীবন সাঁওতাল। দেশভাগের পর পূর্ব পাকিস্তানে থেকে চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নিজেকে নিবেদিত করেন।
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে শ্রীমঙ্গল অঞ্চল থেকে পাকিস্তান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন জীবন সাঁওতাল। রাজনৈতিক পরিবর্তন, শ্রমিক সংগঠনের ওপর নিষেধাজ্ঞা ও নানা প্রতিকূলতার মধ্যেও চা শ্রমিকদের সংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত ছিল। আইয়ুব খান শাসনামলে ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতিও আন্দোলনের পথকে কঠিন করে তোলে।
ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, এমএলএ জীবন সাঁওতালের নেতৃত্বে ১৯৬০ সাল পর্যন্ত ইউনিয়নের কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন, চা-সম্পত্তি নিয়ে পাকিস্তান সরকারের হস্তক্ষেপসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক সংগঠনের পথচলা বাধাগ্রস্ত হয়।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৭০ সালে ফুলছড়া চা-বাগানের শিক্ষিত দুই ভ্রাতৃদ্বয় রাজেন্দ্র প্রসাদ বুনার্জি ও সুরেন্দ্র প্রসাদ বুনার্জির নেতৃত্বে সংগঠনটি নতুনভাবে পরিচালিত হয়। তাঁদের নেতৃত্বে শ্রমিকদের সংগঠিত করার ধারাবাহিকতা বজায় থাকে। পরবর্তী সময়ে রাজেন্দ্র প্রসাদ বুনার্জি দীর্ঘকাল, ২০০৫ সাল পর্যন্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।
চা শ্রমিকদের সংগঠিত করার সেই ইতিহাস আজকের নির্বাচনের সঙ্গে যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কয়েক দশকের আন্দোলন, নেতৃত্বের উত্তরাধিকার ও শ্রমিকদের অধিকার আদায়ের প্রত্যাশা—সবকিছুরই প্রতিফলন ঘটছে এবারের ভোটে।
আট বছর পর ভোট, প্রবীণদের চোখে আনন্দ
কমলগঞ্জের মাধবপুর চা-বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা বলেন, ‘আট বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা ভীষণ খুশি।’
দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় শ্রমিকদের মধ্যে নেতৃত্বের জবাবদিহি ও প্রতিনিধিত্ব নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এবার ভোটের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চান অনেকেই।
কমলগঞ্জের আলীনগর চা-বাগানের তরুণ শ্রমিক সুমন মুন্ডা বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের অনেক দাবিই অমীমাংসিত রয়ে গেছে। এবার তাঁরা শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব দেখতে চান। এমন নেতৃত্ব প্রয়োজন, যারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন।
প্রবীণ শ্রমিকের ভোটের আনন্দ আর তরুণ শ্রমিকের নেতৃত্ব পরিবর্তনের আকাঙ্ক্ষা—দুইয়ের মধ্যেই এবারের নির্বাচনের তাৎপর্য স্পষ্ট হয়ে উঠছে।
ভোটের পরিবেশ নিয়ে আশাবাদ, চাওয়া নির্ভয় ভোটাধিকার
নির্বাচনী পরিবেশ নিয়ে শ্রমিকদের মধ্যে আপাতত ইতিবাচক মনোভাব রয়েছে। তবে ভোটের দিনও যেন সেই পরিবেশ বজায় থাকে, তা নিয়ে তাঁদের প্রত্যাশা রয়েছে প্রশাসনের কাছে।
কমলগঞ্জের কুরমা চা-বাগানের শ্রমিক লছমী তেলী বলেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো। কোনো ভয়ভীতি ছাড়াই যেন তাঁরা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, প্রশাসনের কাছে সেটাই তাঁদের প্রত্যাশা।
শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক কার্তিক বাউরি বলেন, যাঁরা শ্রমিকদের মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিক হবেন এবং বাগানের উন্নয়নে কাজ করবেন, তাঁরা তাঁদেরই ভোট দেবেন।
কমলগঞ্জের মিরতিংগা চা-বাগানের শ্রমিক মন্তু বাউরির কণ্ঠেও নতুন নেতৃত্বের প্রত্যাশা। তিনি বলেন, এবার তাঁরা নতুন নেতৃত্ব চান। নেতা নির্বাচন করতে হবে খুব সতর্কভাবে।
শ্রমিকের ইস্যু ছাপিয়ে রাজনৈতিক পরিচয়ের বিতর্ক
নির্বাচনী প্রচারণায় শ্রমিকদের অধিকার ও জীবনমানের প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা-সমালোচনা রয়েছে। কয়েকজন শ্রমিক ও শ্রমিক নেতার অভিযোগ, কিছু প্রার্থী তাঁদের প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করতে বেশি ব্যস্ত।
শ্রীমঙ্গলের কালিঘাট চা-বাগানের অরুণ তাঁতি এবং কালিটি চা-বাগানের শ্রমিক নেতা দিলীপ কুমার দাস বলেন, প্রার্থীরা একে অপরকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বা বিএনপির অনুসারী হিসেবে চিহ্নিত করতেই বেশি ব্যস্ত। অথচ শ্রমিকদের অধিকার নিয়ে কারও কারও মাথাব্যথা নেই বলে তাঁদের অভিযোগ।
সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দও রাজনৈতিক ট্যাগিংয়ের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, কেউ আওয়ামী লীগ, আবার কেউ বিএনপির ট্যাগ লাগাচ্ছেন। তাঁরা কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, শ্রমিকদের পক্ষে কথা বলতে চান।
মনু-দলই ভ্যালি কমিটির সভাপতি পদপ্রার্থী লিটন গঞ্জু এবং সহসভাপতি পদপ্রার্থী আশা অরনাল জানান, সাধারণ শ্রমিকেরা এবার তরুণ ও নতুন নেতৃত্ব দেখতে চান। তাঁরা নিজেদের জয়ের ব্যাপারেও আশাবাদী।
গোপন ব্যালটে ভোট, গণতান্ত্রিক প্রতিনিধিত্বের আশা
নির্বাচনের আয়োজন নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি। তিনি বলেন, সরকারি সহায়তায় শ্রমিকেরা গোপন ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।
গত ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনগুলোতে উঠান বৈঠক, সভা ও মিছিলে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। প্রার্থীরা বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন, তুলে ধরেছেন নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার।
দীর্ঘ আট বছরের অপেক্ষার পর এই নির্বাচন চা শ্রমিকদের সংগঠনের নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি তাঁদের দাবি-দাওয়া নতুন করে সামনে আনার একটি সুযোগ। ভোটের ফলাফল যাঁদের হাতেই যাক, শ্রমিকদের প্রত্যাশা স্পষ্ট—নির্বাচিত নেতৃত্ব যেন রাজনৈতিক বিভাজন কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তাঁদের জীবন, শ্রমের মূল্য, অধিকার ও মর্যাদার প্রশ্নে কার্যকর ভূমিকা রাখে।
চা-বাগানের সবুজের আড়ালে শ্রম, বঞ্চনা ও সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস, এবারের ভোট সেই ইতিহাসে নতুন কোনো অধ্যায়ের সূচনা করতে পারে কি না, তার উত্তর অপেক্ষা করছে ভোটের ফলাফল ও পরবর্তী নেতৃত্বের কার্যক্রমে।