প্রকাশিত :  ০৭:০১
২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:১৪
২৮ নভেম্বর ২০২৬

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাসে সিদ্ধিরগঞ্জের দশতলা ভবন এলাকা থেকে ওঠেন দুই যুবক। তাঁরা বাসের পেছনের আসনে গিয়ে বসেন। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে দ্রুত নেমে যান ওই দুই যাত্রী। এর কিছুক্ষণ পরই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চালক, সহকারী ও ১০ থেকে ১২ জন যাত্রী দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

গতকাল শুক্রবার রাত ৯টা ৪০মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের চালকের সহকারী তানজিল  বলেন, ওই দুই যুবক বাসটি থেকে নেমে পড়ার কিছুক্ষণের মধ্যেই এতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন যে যেভাবে পেরেছেন, দ্রুত বাস থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, পুলিশও আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হয়।

ওই দুই যুবকের সন্ধান চলছে জানিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পথে ছদ্মবেশী দুজন বাসটিতে ওঠেন। ধারণা করা হচ্ছে, তাঁরা দাহ্য পদার্থ দিয়ে বাসটির পেছনে আগুন ধরিয়ে নেমে গেছেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছয়টি মোটরসাইকেলে করে আসা ১২ জনের একটি দল বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। বাসটি দুই–তিন মাস যাবত সেখানে পড়েছিল। দুর্বৃত্তরা ছয়টি মোটরসাইকেলে করে এসেছিল। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর