প্রকাশিত :  ০৬:৫৮
২৮ নভেম্বর ২০২৬

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

শায়খ মুস্তাফা আবদুল্লাহ

হালাল উপার্জনের গুরুত্ব ও হারাম উপার্জনের পরিণতি ভয়াবহ । হালাল উপার্জনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সুফল।  এগুলো হচ্ছে—আল্লাহর নৈকট্য লাভ, অন্তরে আল্লাহভীতি বৃদ্ধি এবং দোয়া কবুল হওয়া। কথাগুলো বলেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ মুস্তাফা আবদুল্লাহ। গত ২০ নভেম্বর শুক্রবার জুমার খুতবায় তিনি কথাগুলো বলেন।  

তিনি বলেন, ইসলাম আবির্ভাবের আগে আরব সমাজে সুদভিত্তিক লেনদেন ব্যাপকভাবে প্রচলিত ছিল। ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারলে অতিরিক্ত অর্থ প্রদানের শর্তে পরিশোধের সময় বাড়িয়ে দেওয়া হতো। ইসলাম এসে এ ধরনের শোষণমূলক লেনদেন নিষিদ্ধ করে।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা বাকারা: ২৭৫)

বর্তমানে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই হারাম লেনদেন থেকে নিজেদের রক্ষা করতে মুসলমানদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং হালাল-হারাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে।

তবে জীবনে ভুল হয়ে গেলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। মানুষ যত বড় অপরাধই করুক না কেন, জীবিত অবস্থায় আন্তরিকভাবে তওবা করলে আল্লাহর ক্ষমা লাভের সুযোগ রয়েছে।

আল্লাহর নৈকট্য লাভ 

শায়খ মুস্তাফা আবদুল্লাহ বলেন, হালাল উপার্জনের প্রথম সুফল হচ্ছে নেক আমল কবুল হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না।’ (মুসলিম)

প্রত্যেক মুসলমানের জন্য হালাল উপার্জন করা অপরিহার্য। ইবাদত ও ধর্মীয় জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ । কিন্তু এসবের ভিত্তি যদি হারাম উপার্জনের ওপর প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের আধ্যাত্মিক জীবন ক্ষতিগ্রস্ত হয়।

হারাম উপায়ে সম্পদ অর্জন করে তা থেকে দান-সদকা করার মাধ্যমে নিজের অপরাধকে বৈধতা দেওয়া যায় না। কেউ ব্যাংক ডাকাতি করে সেই অর্থ দান করার মাধ্যমে যেমন নিজের অপরাধকে ন্যায়সংগত প্রমাণ করতে পারে না, তেমনি হারাম উপার্জন থেকে দান করেও হারামকে হালাল করা যায় না।

হারাম উপার্জনের মাধ্যমে বিলাসবহুল জীবনযাপনের চেয়ে হালাল উপার্জনে সাধারণ জীবনযাপন করা অনেক উত্তম। আমাদের মনে রাখতে হবে, আল্লাহই রিজিকদাতা এবং তাঁর রিজিকের কোনো সীমা নেই।

আল্লাহর প্রতি ভয় বৃদ্ধি পাওয়া 

হালাল উপার্জনের দ্বিতীয় সুফল হচ্ছে আল্লাহর প্রতি ভয় বৃদ্ধি হওয়া। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনে বারবার মিথ্যা বলা, প্রতারণা করা এবং অসৎ পন্থা অবলম্বনের ফলে মানুষের অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়।

কোনো কাজ হারাম জেনেও যখন একজন মানুষ তা করে এবং আল্লাহ তাকে দেখছেন—এ কথা জেনেও অপরাধে লিপ্ত হয়, তখন আল্লাহর সঙ্গে তার আধ্যাত্মিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে, আল্লাহর ভয়ে কেউ যখন হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রাখে, তখন তার অন্তর কোমল হয় এবং আল্লাহভীতি বৃদ্ধি পায়।

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। তাই ব্যবসা-বাণিজ্য, চাকরি ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে।

দোয়া কবুল হওয়া

শায়খ মুস্তাফা আবদুল্লাহ বলেন, হালাল উপার্জন দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। পক্ষান্তরে হারাম উপার্জন দোয়া কবুলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

রাসুলুল্লাহ (সা:) এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি দীর্ঘ সফরের কারণে ক্লান্ত, ধুলোমলিন ও এলোমেলো চুল নিয়ে আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। অথচ তাঁর খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তাঁর শরীর হারাম খাদ্যে পরিপুষ্ট। রাসুলুল্লাহ (সা.) প্রশ্ন করেছেন, ‘এ অবস্থায় কীভাবে তার দোয়া কবুল হবে?’ (মুসলিম) । এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, হারাম উপার্জন মানুষের দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

খুতবার শেষাংশে শায়খ মুস্তাফা আবদুল্লাহ বলেন, মানুষের জীবনে নানা ধরনের সংকট ও চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে এবং হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে নিজেদের অন্তরকে পবিত্র রাখতে হবে।

পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে সবার জন্য হালাল রিজিক, অন্তরের পবিত্রতা, নেক আমল ও দোয়া কবুলের প্রার্থনা করেন।

(শায়খ মুস্তাফা আবদুল্লাহ : অতিথি খতিব, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার । জুমার খুতবা, ২০ নভেম্বর ২০২৬)

Leave Your Comments




ধর্ম এর আরও খবর