প্রকাশিত :  ১৪:২২
২৭ নভেম্বর ২০২৬

বন ছেড়ে গ্রামাঞ্চলে! শ্রীমঙ্গলে উদ্ধার লাউয়াছড়ার সোনালী হনুমান

বন ছেড়ে গ্রামাঞ্চলে! শ্রীমঙ্গলে উদ্ধার লাউয়াছড়ার সোনালী হনুমান

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার পাশে আহত অবস্থায় একটি সোনালী হনুমান (Golden Langur) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার কামাসিদ এলাকায় হনুমানটিকে দেখতে পান স্থানীয়রা। পরে প্রাথমিক পরিচর্যার জন্য সেটিকে মা-বাবার দোয়া ভিলার হাজী মো. কুরুশ মিয়ার বাসায় নিয়ে যাওয়া হয়।

হাজী মো. কুরুশ মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে হনুমানটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সেটিকে সোনালী হনুমান হিসেবে শনাক্ত করেন। পরে আহত প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য হনুমানটিকে জানকীছড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই তিন মাসে শ্রীমঙ্গলের শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থান থেকে খবর পেয়ে ৬০টির বেশি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা প্রাণীদের মধ্যে বিশালাকৃতির অজগর, বিষধর শঙ্খিনী, পদ্মগোখরাসহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। উদ্ধার করা প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে সেগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা যায়।

হাওর, লেক, পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলসমৃদ্ধ শ্রীমঙ্গলে রয়েছে দেশের অন্যতম পরিচিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান। সোনালী হনুমানসহ বিভিন্ন প্রজাতির বানর ও বন্যপ্রাণীর অন্যতম আবাসস্থল এই বনাঞ্চল। তবে বনাঞ্চল দখল, উজাড়, জনবসতি বিস্তার এবং বিভিন্ন রিসোর্ট ও বাগান গড়ে ওঠার ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ক্রমেই সংকুচিত হচ্ছে। আবাসস্থল সংকোচন, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের অভাবে এসব প্রাণী বন ছেড়ে শহর ও গ্রামাঞ্চলের লোকালয়ে চলে আসছে। ফলে তারা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে; কখনো সড়কে যানবাহনের ধাক্কায় আহত হচ্ছে, আবার কখনো মানুষের হাতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে।

বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ায় বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে আসা প্রাণীদের জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বন্যপ্রাণীর নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করা, বন উজাড় ও ভূমি দখল বন্ধ এবং মানুষ-বন্যপ্রাণী সংঘাত প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর