প্রকাশিত :  ০৫:৩৩
২৭ নভেম্বর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন ফ্রন্ট লিবিয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন ফ্রন্ট লিবিয়া

রাশিয়ার যুদ্ধজাহাজ মারকুরি পূর্ব লিবিয়ার বেনগাজি বন্দরে নোঙর করা অবস্থায় ডুবে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ পণ্যবাহী জাহাজ এমভি আঙ্গারা। গত সপ্তাহান্তে ইউক্রেনের নৌ-ড্রোন এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে কিয়েভ। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের সীমানা ছাড়িয়ে ইউক্রেনের সামরিক অভিযান এখন উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে, এ ঘটনা তারই স্পষ্ট ইঙ্গিত। সম্প্রতি ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আজভ সাগরে ভারী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে রাশিয়ার অভ্যন্তরীণ খাল ব্যবস্থায় প্রবেশের পথ সংকুচিত হয়েছে এবং ভূমধ্যসাগরের লিবিয়ান এক্সপ্রেস রুটটি মস্কোর জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এ হামলা রাশিয়ার সেই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রসদ ও বাণিজ্য পথকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

লিবিয়ায় রাশিয়ার প্রভাব নতুন নয়। দ্বিতীয় গৃহযুদ্ধের সময় থেকেই, বিশেষ করে ২০১৯ সাল থেকে ওয়াগনার বাহিনীর মাধ্যমে পূর্ব লিবিয়ায় সক্রিয় হয় মস্কো। তোবরুকভিত্তিক প্রতিদ্বন্দ্বী নেতা খলিফা হাফতার ও তার ছেলে সাদ্দামের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে রাশিয়া।

এর ফলে ভূমধ্যসাগর ও আফ্রিকার মধ্যে যাতায়াতের অন্যতম কেন্দ্র হিসেবে লিবিয়ার বন্দর ও ছয়টি বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ পায় রুশ বাহিনী। ২০২৪ সালের শেষ দিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখান থেকেও সামরিক সরঞ্জাম পূর্ব লিবিয়ায় সরিয়ে নেয় মস্কো। ওয়াগনারের উত্তরসূরি আফ্রিকা কর্পসের মাধ্যমে চাদ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ সাব-সাহারান আফ্রিকায় নিজেদের প্রভাব ধরে রাখতে লিবিয়ার এই নেটওয়ার্ককে কাজে লাগাচ্ছে রাশিয়া।

আটলান্টিক কাউন্সিলের ফেলো অ্যালিসা পাভিয়া ও বিশ্লেষক পল ওয়ারবার্গের মতে, লিবিয়ায় হামলা রুশ রসদ সরবরাহে চাপ তৈরি করলেও এটিই একমাত্র লক্ষ্য নয়। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ মাদারশিপ থেকে নৌ-ড্রোন পাঠিয়ে দেখাতে চেয়েছে, দূরবর্তী সমুদ্রপথেও রুশ স্বার্থ নিরাপদ নয়।

এই হামলার পর লিবিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল)। ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা প্রকাশ্যে এ ঘটনাকে লিবিয়ার জন্য বিপজ্জনক জুয়া বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ও লিবিয়ার ভূখণ্ড বা জলসীমায় বিদেশি সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে।

তবে বাস্তবতা কিছুটা জটিল। ২০২৪-২৫ সালের এক চুক্তির আওতায় পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক উপস্থিতি রয়েছে, যারা জিএনইউ অনুগত বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং রুশ প্রভাব মোকাবিলায় সহায়তা করছে। এর আগে সুদান ও মালিতেও রুশ স্বার্থ ও যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এদিকে লিবিয়ায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্রের দূত মাসাদ বুলোসের মধ্যস্থতায় ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তির আলোচনা চলছে, যেখানে দবেইবাকে প্রধানমন্ত্রী ও হাফতারকে প্রেসিডেন্ট করার প্রস্তাব রয়েছে। মিশরের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং তুরস্কের সঙ্গে হাফতারের আলোচনা চললেও দুই পক্ষের অবিশ্বাস কাটেনি।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর