মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মতো ব্যক্তিরা কীভাবে দানবে পরিণত হয়েছিলেন, তাদের এত অপকর্ম করার সাহস কে যুগিয়েছিল? এমন প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। গুমের পর নিখোঁজ ব্যক্তিদের আর খোঁজ পাওয়া যাবে না কিংবা এসব অপরাধের বিচার হবে না- এমন নিশ্চয়তা কারা দিয়েছিল, সেই প্রশ্নও তুলেছেন রুহুল কুদ্দুস কাজল।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে এসব প্রশ্ন তোলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
এদিন বেলা সোয়া ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
যুক্তিতর্কে গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ নিখোঁজ ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের টানা শাসনামলে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের অনেকেরই এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চলছে। যত দিন তাদের সন্ধান পাওয়া না যাবে, তত দিন এই অপরাধের পরিণতি ও ভুক্তভোগী পরিবারগুলোর দুর্ভোগ চলতেই থাকবে।
তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা এখনো প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দিনের পর দিন, বছরের পর বছর তারা অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে যারা এসব অপরাধে জড়িত ছিলেন, তাদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
জিয়াউল আহসানের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল প্রশ্ন করেন, একজন মানুষ কীভাবে এত অপকর্ম করে দানবে পরিণত হওয়ার সাহস পেলেন? তার মধ্যে এমন বেপরোয়া মনোভাব তৈরি হলো কীভাবে? তাকে কেউ ধরবে না, তার কোনো বিচার হবে না- এমন নিশ্চয়তা কে দিয়েছিল? এই নিশ্চয়তার পেছনে কারা ছিলেন?
রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্র কখনো কাউকে অপরাধ করে পার পেয়ে যাওয়ার কিংবা বিচারের মুখোমুখি হতে হবে না- এমন নিশ্চয়তা দিতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব সবার কল্যাণ নিশ্চিত করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায়মুক্তি নিশ্চিত করা রাষ্ট্রের কাজ হতে পারে না।
তিনি আরও বলেন, গুম ও খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা কীভাবে সম্ভব হলো এবং এর পেছনে কারা ভূমিকা রেখেছিলেন, তা খতিয়ে দেখা জরুরি।
Leave Your Comments