প্রকাশিত :  ০৫:৩৭
২৬ নভেম্বর ২০২৬

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলাভিত্তিক মোতায়েনের চিত্র নিচে তুলে ধরা হলো-

এলাকা                বিজিবি মোতায়েন

সাভার ও আশুলিয়া     ১৮ প্লাটুন

নারায়ণগঞ্জ                ৭ প্লাটুন

গাজীপুর                    ১৮ প্লাটুন

ময়মনসিংহের ভালুকা ২ প্লাটুন

গোপালগঞ্জ               ৫৬ প্লাটুন

চট্টগ্রাম                     ৩ প্লাটুন

কক্সবাজার               ১ প্লাটুন

মোট মোতায়েন    ১০৫ প্লাটুন

অতিরিক্ত প্রস্তুত    ৪ প্লাটুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর