প্রকাশিত : ১২:১৩
২৫ নভেম্বর ২০২৬
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল ও ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি এলক্সেন্ডা এ ক্যালিভেনিও। এ সময় তিনি রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া ও সরকারি বৃত্তি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে চায়ের রাজধানী ও পর্যটননগরী শ্রীমঙ্গল উপজেলা শহরের কলেজ রোডে অবস্থিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে রাশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে এলক্সেন্ডা এ ক্যালিভেনিও বলেন, রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। রাশিয়া সরকারের দেওয়া বিভিন্ন শিক্ষাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে আবেদন, ভর্তি প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কে সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। মৌলভীবাজারের শিক্ষার্থীদেরও এ সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রম ও বাংলাদেশ-রাশিয়ার শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞানভিত্তিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে, রাশিয়ান হাউস রাশিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত একটি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র। ১৯৭৪ সালে ‘সোভিয়েত কালচারাল সেন্টার’ হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটি রুশ ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাবিষয়ক কার্যক্রম, সেমিনার ও কর্মশালার আয়োজনের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে কাজ করে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একাডেমিক এবং বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণেও ভূমিকা রাখে রাশিয়ান হাউস।
বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং রাশিয়া সরকারের দেওয়া বৃত্তির সুযোগ সম্পর্কে তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়ায় সহায়তা করে প্রতিষ্ঠানটি। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থী রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে এবং ক্লাবের সেক্রেটারি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রোটারিয়ান চিকিৎসক সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর মো. ফয়সাল হোসেন এবং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন।
অনুষ্ঠান শেষে ফার্স্ট সেক্রেটারি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন।