প্রকাশিত : ১১:১৬
২৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বার্ষিক থ্যাংকসগিভিং ঐতিহ্য অনুযায়ী ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’ নামের দুটি টার্কিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, টার্কি দুটিকে তিনি ‘পূর্ণ, সম্পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা’ দিচ্ছেন। এর অর্থ, তারা বাকি জীবন নিরাপদে বেঁচে থাকবে।
একটি টার্কিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘ফ্রিডম, এই মুহূর্ত থেকে তোমাকে সম্পূর্ণ ও চূড়ান্ত ক্ষমা করা হলো।’
এ সময় তিনি জানান, অন্য টার্কি ফেদার্স ঝোপের মধ্যে পালিয়ে গেছে। তবে সেটিকেও ক্ষমা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার ওয়াশিংটনের উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফ্রিডম ও ফেদার্সকে পরিচয় করিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসে যাওয়ার আগে তারা হোটেলটির একটি বিশেষ স্যুটে অবস্থান করছিল।
এবারের আয়োজনটি যুক্তরাষ্ট্রের ৭৯তম বার্ষিক ন্যাশনাল থ্যাংকসগিভিং টার্কি প্রেজেন্টেশন। ১৯৪৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের কাছে ন্যাশনাল টার্কি ফেডারেশন টার্কি উপহার দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়।
তবে টার্কিকে প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ক্ষমা করার প্রথা শুরু হয় ১৯৮৯ সালে। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এই ঐতিহ্য চালু করেন।
এরপর থেকে প্রতি বছর থ্যাংকসগিভিং উপলক্ষে হোয়াইট হাউসে টার্কিকে ক্ষমা করার এই আয়োজন যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত উৎসবে পরিণত হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ