প্রকাশিত : ১৭:৫৮
২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:০৪
২৪ নভেম্বর ২০২৬
ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের (কেট মিডলটন) নরফোকের অবকাশযাপন কেন্দ্র অ্যানমার হলে চুরি ও অনধিকার প্রবেশের সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরফোক পুলিশ জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে অ্যানমার হলে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরে পুলিশের কুকুর, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় স্যান্ড্রিংহাম এস্টেট থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না। এ বিষয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কেনসিংটন প্যালেসও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন সারা বছর অ্যানমার হলে বসবাস করেন না। ছুটির সময়ে তারা বাড়িটিকে অবকাশযাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন।
১০ শয়নকক্ষবিশিষ্ট জর্জিয়ান স্থাপত্যশৈলীর লাল ইটের এই প্রাসাদটি নরফোকের ব্যক্তিগত স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত। ২০১১ সালে বিয়ের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ উপহার হিসেবে বাড়িটি তাদের দিয়েছিলেন।
অ্যানমার হল স্যান্ড্রিংহাম হাউস থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে অবস্থিত। স্যান্ড্রিংহাম হাউস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত বাসভবনগুলোর একটি।
বর্তমানে প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের প্রধান বাসভবন বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেল এস্টেটে।
সূত্র: বিবিসি