প্রকাশিত :  ১২:৫৮
২৪ নভেম্বর ২০২৬

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এদিকে ডিসেম্বরকেন্দ্রিক বা ঋতুভিত্তিক ঐক্যকে টেকসই নয় উল্লেখ করে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদি ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস—সবকিছু মিলে যাচ্ছে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারা জীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো যা হচ্ছে, সব নাটক।’

তিনি আরও বলেন, ‘এখানে তার কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত কিছু লোক আছে, উনাদেরকে উজ্জীবিত করার জন্য এসব নাটক করে। উনার জন্য একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো— সব নাটক। যদি আসতেই হয়, বর্ডার চেক করতে হয়, বর্ডারের ফাঁকফোকর চেক করতে হয়। এগুলা হলো মাদকের ডিলারদের মতো কাজ, মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক দিয়ে কীভাবে আসা যায়, এগুলা চেক করেন। এগুলা স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে এক বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। সে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গতকাল আমাদের আহ্বায়ক বলেছিলেন, আওয়ামী লীগের পরাজয় ৫ আগস্ট হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে যে ঐক্য, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিষয়ে যে ঐক্য, সেটা ৫ আগস্টে চূড়ান্ত হয়েছে। এখন তারা যে কার্যক্রমগুলো করছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের বাংলাদেশে পুনর্বাসন তো দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ একটি শক্তি, সেটাই বারবার প্রমাণ হচ্ছে।’


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর