প্রকাশিত : ০৪:৪১
২৩ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে বাড়ি বিক্রির চাহিদামূল্য স্বাভাবিকের চেয়ে বেশি কমেছে। উচ্চ বন্ধকি ঋণের সুদ এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বাড়ির মালিকেরা বিক্রির জন্য দাম কমাতে বাধ্য হচ্ছেন। এতে দেশটির আবাসন বাজারে দুর্বলতার চিত্র স্পষ্ট হচ্ছে।
সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইট রাইটমুভের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সাত দিন পর্যন্ত চার সপ্তাহে যুক্তরাজ্যে বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়িগুলোর গড় চাহিদামূল্য আগের মাসের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। সাধারণত বছরের এই সময়ে গত এক দশকে দাম কমার গড় হার ছিল ১ দশমিক ১ শতাংশ।
সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাড়ির গড় চাহিদামূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৭০ পাউন্ডে। আগের মাসের তুলনায় কমেছে ৬ হাজার ৭৪৫ পাউন্ড। এক বছর আগের তুলনায় দাম শূন্য দশমিক ২ শতাংশ কম।
রাইটমুভের সম্পত্তিবিষয়ক বিশেষজ্ঞ কলিন ব্যাবকক বলেন, উচ্চ বন্ধকি ঋণের সুদ অনেক দিন ধরেই আবাসন বাজারে প্রভাব ফেলছে। ক্রেতাদের সীমিত বাজেটের সঙ্গে মানিয়ে নিতে বিক্রেতাদেরও বাড়ির দাম কমাতে হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এক বছর আগের তুলনায় বাড়ি কেনার বিষয়ে ক্রেতাদের আগ্রহ ৮ শতাংশ কমেছে। একই সময়ে বিক্রির চুক্তি সম্পন্ন হওয়ার সংখ্যা কমেছে ৭ শতাংশ। অন্যদিকে বিক্রির জন্য বাজারে থাকা বাড়ির সংখ্যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাড়ি কেনার ঋণের সুদও ক্রেতাদের ওপর চাপ তৈরি করছে। দুই বছরের নির্দিষ্ট মেয়াদের গড় বন্ধকি ঋণের সুদ নভেম্বর মাসে ৫ দশমিক ৫১ শতাংশে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে এই হার ছিল ৪ দশমিক ২৫ শতাংশ। ফলে বাড়ি কেনার ঋণের মাসিক কিস্তি বেড়েছে।
রাইটমুভের পূর্বাভাস, ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাজ্যে বাড়ির চাহিদামূল্য আগের বছরের তুলনায় কম থাকতে পারে। তবে অঞ্চল ও বাড়ির ধরন অনুযায়ী দামের ওঠানামায় পার্থক্য রয়েছে।