প্রকাশিত :  ১২:২১
২২ নভেম্বর ২০২৬

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষমতাসীন সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন । তবে তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি। তার মতে, এমন চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানোর পাশাপাশি দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকেও বিরত রাখা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি কখনোই তেমন গুরুত্ব দিয়ে ভাবেননি।

ট্রাম্প বলেন, ‘ইরানের সরকার নিয়ে আমি কখনোই খুব বেশি ভাবিনি। অনেকে একে সরকার পরিবর্তন বলছেন। আমি এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি। এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। এটিকে চূড়ান্ত সরকার পরিবর্তনও বলা যেতে পারে।’

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রসঙ্গেই এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে দেশটির সামরিক স্থাপনা এবং শীর্ষ নেতাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন।

ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প একদিকে তাদের তুলনামূলক যুক্তিসংগত বলে উল্লেখ করেন, অন্যদিকে আলোচনার ক্ষেত্রে তাদের সঙ্গে নানা জটিলতার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান নেতৃত্বের চিন্তাভাবনা আগের চেয়ে আলাদা। সম্ভবত তারা বেশি যুক্তিসংগত। কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা বেশ কঠিন। একটি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তারা সেটি ভঙ্গ করে।

ট্রাম্পের ভাষ্য, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একটি দীর্ঘস্থায়ী চুক্তি প্রয়োজন। এমন সমঝোতা চান, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও কার্যকর থাকবে।

তিনি বলেন, এমন একটি চুক্তি করবেন, যা দীর্ঘদিন টিকে থাকবে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করছেন না। প্রয়োজনে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সিবিএস নিউজকে এ বিষয়ে অবগত কয়েকটি সূত্র এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরান দ্রুত নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ট্রাম্পের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ বারবার পরিবর্তিত হচ্ছে।

তেহরানের দাবি, এসব অভিযোগের ধরন ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের আগে দেওয়া বক্তব্যগুলোর মতো। সে সময়ও একই ধরনের বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে


 


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর