প্রকাশিত : ১৪:৪৩
২০ নভেম্বর ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সন্ত্রাসীদের কিভাবে মোবাবেলা করতে হয় তা এদেশের মানুষ ও সরকার জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি।
কিন্তু আমাদের যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না, কখনো ফিরতে পারবে না।’
তিনি বলেন, ‘আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে। এমন অবস্থা হয়েছে ‘জয় বাংলা’ আজ জাতীয়ভাবে পরিচিত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে।’
হুমায়ুন কবির বলেন, ‘আমার বাসায় ভোর ৫টায় আগুন দিয়ে দৌড় মারছে।
দেখেন, একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের এমন অবস্থা হয়েছে, ‘জয় বাংলা’ বলেই দৌড়, আর খোঁজ মিলে না কোনোখানে।
বাসার সামনে আগুন দেওয়ার ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, একটু আগুন লাগিয়ে ভাগছে, পালিয়ে গেছে ‘জয় বাংলা’ বলে। কিন্তু আমি কতজন মেহমান পেয়েছি আজকে এসে, আমি ভাগ্যবান। আমি আমার নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে দাওয়াত দেওয়ার সুযোগ পাই না।
আলহামদুলিল্লাহ আজকে সবাই এসেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশ আজ ভালো পথে। জননন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব আজ উজ্জ্বল। দেশে এখন বিদেশি বিনিয়োগ আসছে, বাংলাদেশে আজকে একটা শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো দেখে একটা ক্ষুদ্র গোষ্ঠীর এখন মাথা ব্যথা, পেটে ব্যথা করে, তারা এসব করার চেষ্টা করে। কিন্তু এগুলো করে তারা বিলীন হয়ে যাবে, হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। এগুলো এখন সহ্য করবে না।’