প্রকাশিত :  ১৪:২৯
২০ নভেম্বর ২০২৬

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আসুন, আমরা দান-সদকাকে জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত করি

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : আসুন, আমরা দান-সদকাকে জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত করি

 শায়খ আনিসুল হক

ইসলামে দান-সদকা শুধু রমজান মাস কিংবা বিশেষ কোনো উপলক্ষের ইবাদত নয়। বরং এটি একজন মুমিনের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত । দান মানুষের অন্তর থেকে সম্পদের প্রতি অতিরিক্ত মোহ দূর করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে । তাই দান-সদকাকে সাময়িক আবেগের বিষয় না বানিয়ে জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত করতে হবে। কথাগুলো বলেছেন, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম শায়খ সৈয়দ আনিসুল হক । তিনি ১৩ নভেম্বর (২০২৬) শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে জুমার খুতবা পেশ করেন।

শায়খ আনিসুল হক বলেন, বর্তমানে মুসলিম উম্মাহ সংখ্যায় বিশাল, সম্পদ ও সামর্থ্যেও পিছিয়ে নেই । কিন্তু তারপরও বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নানা সংকটের মুখোমুখি। রাসুলুল্লাহ (সা:) এমন এক সময়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যখন বিভিন্ন জাতি মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে। সাহাবিরা জানতে চেয়েছিলেন, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? রাসুলুল্লাহ (সা:) বলেছিলেন, না, বরং সংখ্যায় অনেক হলেও তারা হবে বন্যার পানির ফেনার মতো। তাদের অন্তরে সৃষ্টি হবে ‘ওয়াহন’, অর্থাৎ দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা।

তিনি বলেন, সম্পদ অর্জন কিংবা ধনী হওয়া ইসলামে নিষিদ্ধ নয়। সমস্যা তখনই সৃষ্টি হয়, যখন সম্পদের প্রতি ভালোবাসা মানুষের অন্তরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে সে সম্পদের প্রকৃত মালিক আল্লাহকে ভুলে যায়।

পবিত্র কুরআনের সুরা আলে ইমরানের ৯২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘তোমরা কখনো প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে।’

তিনি বলেন, আল্লাহ এখানে মানুষের অপ্রয়োজনীয় বা পরিত্যক্ত সম্পদ দানের কথা বলেননি; বরং নিজের প্রিয় সম্পদ থেকে দান করার শিক্ষা দিয়েছেন। কারণ প্রকৃত দানের পরীক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু ত্যাগ করার মানসিকতা।

দান-সদকার ফজিলত তুলে ধরে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, ‘সদকা সম্পদ কমায় না।’ আল্লাহ দানের মাধ্যমে মানুষের সম্পদে বরকত দান করেন। সুরা বাকারার ২৬১ নম্বর আয়াতে আল্লাহ দানকে একটি শস্যবীজের সঙ্গে তুলনা করেছেন, যা থেকে সাতটি শিষ জন্মায় এবং প্রতিটি শিষে একশটি করে শস্যদানা থাকে। অর্থাৎ আল্লাহ চাইলে একটি দানের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দিতে পারেন।

তিনি আরও বলেন, দান-সদকা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ারও একটি মাধ্যম। রাসুলুল্লাহ (সা:) বলেছেন, ‘অর্ধেক খেজুর দান করেও জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করো।’ তাই দানের পরিমাণ ছোট হলেও তাকে অবহেলা করা উচিত নয়।

সদকায়ে জারিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষ মৃত্যুবরণ করলে তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। একটি পানির কূপ নির্মাণ কিংবা জনকল্যাণমূলক কাজে সহযোগিতার সুফল মৃত্যুর পরও পাওয়া যেতে পারে।

দান করার ক্ষেত্রে আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অনেকের নিজ দেশে কিংবা আশপাশে এমন আত্মীয় রয়েছেন, যারা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন । তাঁদের সাহায্য করলে দানের পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াবও পাওয়া যায়। একইভাবে স্থানীয় দরিদ্র পরিবার, কর্মহীন মানুষ ও ঋণগ্রস্তদের প্রতিও দায়িত্ব রয়েছে।

শায়খ আনিসুল হক বলেন, দানের জন্য বিশেষ উপলক্ষের অপেক্ষা না করে প্রতি মাসে আয় থেকে সামর্থ্য অনুযায়ী ১০, ২০ কিংবা ৫০ পাউন্ড আলাদা করে রাখা যেতে পারে। ব্যবসায়ীরাও নিয়মিত দানের ব্যবস্থা করতে পারেন। তবে ফরজ জাকাত পৃথকভাবে আদায় করতে হবে।

তিনি লোকদেখানো দান পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সব দানের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার প্রয়োজন নেই। কিছু দান এমনভাবে করা উচিত, যা শুধু আল্লাহই জানেন।

খুতবার শেষাংশে তিনি বলেন, আমরা সম্পদ উপার্জন, সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে অনেক চিন্তা করি। কিন্তু আখিরাতের জন্য কতটুকু সঞ্চয় করছি, সেটিও ভাবা প্রয়োজন। দান-সদকাকে সারা বছরের নিয়মিত ইবাদতে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি আল্লাহর কাছে সবাইকে দানশীল ও পরোপকারী হওয়ার তাওফিক দানের প্রার্থনা করেন।

(শায়খ আনিসুল হক : সিনিয়র ইমাম, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার। জুমা'র খুতবা, ১৩ নভেম্বর ২০২৬।)

Leave Your Comments




ধর্ম এর আরও খবর