প্রকাশিত :  ১৪:২৯
২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিজিবি সদস্যদের খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

গোপালগঞ্জে বিজিবি সদস্যদের খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রচারিত এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃতপক্ষে, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ এবং খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে ক্রয় করা হয়।  বিজিবি কর্তৃক স্থানীয় দোকানদারের নিকট হতে মূল্য পরিশোধের মাধ্যমে পানি ক্রয় করা হয়।  দোকানদার তৎক্ষনাৎ  বিজিবি'র কাছে ভ্যানযোগে ক্রয়কৃত পানি সরবরাহ  করেন। এটি সম্পূর্ণভাবে বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো ধরনের সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। অথচ এ সাধারণ ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। সকল ক্ষেত্রেই দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে বিজিবির সদস্যদের জন্য এসব সামগ্রী সরবরাহের প্রশ্নই আসে না। বিজিবির নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল।

বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজিবি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর