সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টির সামনে আগুন ধরিয়ে দেয়। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
ঘটনাস্থলে পরিত্যক্ত গাড়ির কয়েকটি টায়ার ও এক বোতল পেট্রোল পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্যাংকটির আঞ্চলিক শাখা ব্যবস্থাপক অজিত চক্রবর্তী।
সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আরাফাত রবিন জানান, বুধবার রাতে ব্যাংকের ব্যবস্থাপক তাঁকে ফোন করে অগ্নিসংযোগের বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন। ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে তিনি জানান।
ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক অজিত চক্রবর্তী বলেন, ‘রাতে আমি ব্যাংকের পাশের আবাসিক ভবনে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাত দুইটার দিকে ব্যাংকের পিয়ন এসে আমাকে ডেকে বলেন, স্যার, ব্যাংকের সামনে আগুন লেগেছে। পরে অন্য কর্মীদের নিয়ে আমরা নিজেরাই বালতিতে পানি দিয়ে আগুন নেভাই।’
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে পরিত্যক্ত গাড়ির কিছু টায়ার ও এক বোতল পেট্রোল পাওয়া যায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রীমঙ্গল থানা-পুলিশকে জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে।
এদিকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave Your Comments