প্রকাশিত :  ১৮:০৮
১৯ নভেম্বর ২০২৬

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তার দাবি

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা-ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাকসু। একই সঙ্গে মুসাদ্দিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার ডাকসুর এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা প্রথমে মুসাদ্দিকের বাড়ি মনে করে তার ফুপুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কয়েকদিন ধরেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ডাকসু।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের দীর্ঘদিনের গুম, হত্যা, দমন-পীড়ন, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের রাজনীতির আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত এ হামলা। হামলার আগে হুমকি ও উসকানির বিষয়টি প্রশাসনকে জানানোর পরও এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগের গুটিকয়েক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে ডাকসু।

ডাকসুর অভিযোগ, জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত হলেও দলটি রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ এবং জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ছাত্রসমাজের ওপর হামলা, পরিবার-পরিজনকে ভয়ভীতি প্রদর্শন এবং বসতভিটায় অগ্নিসংযোগ করে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা সফল হবে না।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানোর পাশাপাশি গোপালগঞ্জের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ডাকসু।

এ ঘটনায় অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হামলার আগে দেওয়া হুমকি ও উসকানির বিষয়টি তদন্ত করে নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর