প্রকাশিত : ১৩:৫৭
১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:১৪
১৯ নভেম্বর ২০২৬
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৪ পয়সা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৬৪তম সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৭ লাখ ৬৮ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ কোটি ২৩ লাখ ৪৬ হাজার টাকা। এ সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ১ টাকা ৫৫ পয়সায় দাঁড়িয়েছে, আগের বছর যা ছিল ২ টাকা ২ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে ৫৯ টাকা ৫৭ পয়সা হয়েছে, যা ৩০ জুন ২০২৬ শেষে ছিল ৫৮ টাকা ১৮ পয়সা। পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৭ পয়সা, আগের হিসাবকাল শেষে যা ছিল ৪৪ টাকা ৯৮ পয়সা।
কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বাজার সম্প্রসারণ, বিক্রয় আয় বৃদ্ধি এবং নতুন বাজারে বিক্রয় কার্যক্রম জোরদারের ফলে মুনাফা ও ইপিএস বেড়েছে। অন্যদিকে, সরবরাহকারীদের কাঁচামালের মূল্য পরিশোধে নগদ অর্থ ব্যয় বাড়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।
সূত্র: এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মূল্য সংবেদনশীল তথ্য।