প্রকাশিত : ১৬:০৭
১৮ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলটির বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে ও বিদেশে বারবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করেন তিনি।
পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।
এ সময় গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে হুংকার দিয়ে তিনি বলেন, “ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।”
রিজার্ভ ও বৈদেশিক সফর প্রসঙ্গে সংসদ অধিবেশনে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এছাড়া বিদেশ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি, বরং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের এমওইউ তুলে ধরা হবে।
সাবেক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। সেই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে।