প্রকাশিত :  ০৫:০৬
১৮ নভেম্বর ২০২৬

সোনার হার ও কানের দুলের জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে, জিডি করতে গিয়ে ছেলে আটক

সোনার হার ও কানের দুলের জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে, জিডি করতে গিয়ে ছেলে আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার হার ও কানের দুলের জন্য মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ বাড়ির একটি ট্রাঙ্কে লুকিয়ে রাখেন তিনি। এ ঘটনায় নিহত নারীর ছোট ছেলে আশরাফ আলী (২৪), তার বন্ধু রাহিম ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের একটি বাড়ির ট্রাঙ্ক থেকে মতিফুল (৬০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তিনি ওই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, আশরাফ পেশায় রাজমিস্ত্রি। প্রায়ই নানা কারণে টাকা চেয়ে মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। এ নিয়ে মাকে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আশরাফ বিভিন্ন মাদক গ্রহণ করেন। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আশরাফ ও তার বন্ধু রাহিমের স্বীকারোক্তি অনুযায়ী, গত সোমবার বাড়িতে মা ছাড়া আর কেউ ছিলেন না। দুপুরে আশরাফ মায়ের গলার সোনার হার ও কানের দুল তার কাছে দিয়ে দিতে চাপ দেন। মা রাজি না হলে রাহিমকে সঙ্গে নিয়ে তার গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন।

পরে দুজন মিলে বস্তায় ভরে মরদেহটি বাড়ির একটি বড় ট্রাঙ্কে লুকিয়ে রাখেন। এরপর মায়ের গলা থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার খুলে নিয়ে পাশের মৈত্র বড়হর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন বলে পুলিশ জানায়।

ওসি আরও জানান, মঙ্গলবার রাতে আশরাফ ও রাহিম থানায় গিয়ে মতিফুলের নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। তবে জিডি করার বিষয়ে তাদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা ও দ্বিধাদ্বন্দ্ব চলতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

এদিকে, পরিবারের সদস্যরা বাড়ির ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে। আশরাফ ও রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতেই স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও আটক করা হয়।

ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর