প্রকাশিত : ০৪:৩০
১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:০০
১৮ নভেম্বর ২০২৬
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, বুধবার এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি বলেন, কোনো দেশের নেতার সঙ্গে আলোচনা করাকে দুর্বলতা বা ছাড় দেওয়া হিসেবে দেখা উচিত নয়।
ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের মতবিরোধ রয়েছে, সেসব দেশের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে মনে করেন ট্রাম্প। কারণ, আলোচনার মাধ্যমেই বিরোধ মেটানোর সুযোগ তৈরি হয়।
তবে ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই কোনো বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানান রুবিও।
তিনি বলেন, কারও সঙ্গে দেখা করা বা কথা বলাকে ট্রাম্প কখনোই কোনো ছাড় দেওয়া হিসেবে দেখেননি। বরং বিরোধ মেটাতে সরাসরি আলোচনার পক্ষে তিনি সব সময়ই কথা বলেছেন।
রুবিও আরো বলেন, যাদের সঙ্গে মতবিরোধ রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে সমস্যার সমাধান সম্ভব নয়। এ কথা ট্রাম্প প্রায়ই বলে থাকেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো আলোচনায় বসা।
তবে ট্রাম্পের বৈঠকে বসার আগ্রহের অর্থ এই নয় যে খুব শিগগিরই কিমের সঙ্গে তার বৈঠক হতে যাচ্ছে। এ বিষয়ে সতর্ক করে রুবিও বলেন, আগামীকালই বৈঠক হবে, এমন কথা তিনি বলছেন না। তিনি শুধু জানাচ্ছেন, ট্রাম্প বৈঠক ও আলোচনায় আগ্রহী।
প্রথম মেয়াদেও কিমের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
রুবিও বলেন, আলোচনার মাধ্যমে ইতিবাচক কোনো ফল পাওয়া সম্ভব কি না, তা জানতে হলে উদ্যোগ নিতে হবে। তবে শেষ পর্যন্ত বৈঠকটি নাও হতে পারে। অতীতেও ট্রাম্প আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন।