প্রকাশিত :  ১৬:৪৮
১৬ নভেম্বর ২০২৬

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদিত

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদিত

দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই জোরদার করতে টাওয়ার হ্যামলেটসে ৭ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদিত

সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে জরুরি অর্থপ্রদান, খাদ্য সহায়তা এবং কল্যাণমূলক পরামর্শ

নতুন তথ্য অনুযায়ী, ১ লাখ ৩০ হাজারের বেশি বাসিন্দা দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 টাওয়ার হ্যামলেটসে দারিদ্র্য মোকাবিলার লক্ষ্যে ৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের একটি বড় তহবিল অনুমোদন করা হয়েছে। এই তহবিলের উদ্দেশ্য হলো, জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া পরিবারগুলোকে জরুরি সহায়তা প্রদান করা এবং দীর্ঘমেয়াদে তাদের আর্থিক সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করা।

বৃহস্পতিবার কাউন্সিলের ক্যাবিনেট মিটিংয়ে ক্রাইসিস অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড সংক্ষেপে সিআরএফ বা সংকট এবং সক্ষমতা তহবিল-এর মাধ্যমে এই অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় জরুরি অর্থপ্রদান, আবাসন সহায়তা, খাদ্য সরবরাহ, ঋণ বিষয়ক পরামর্শ এবং আয় বৃদ্ধির উপায় সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস থেকে প্রাপ্ত এই তহবিলটি আগের হাউসহোল্ড সাপোর্ট ফান্ড এবং ডিসক্রেশনারি হাউজিং পেমেন্টস স্কিমগুলোর স্থলাভিষিক্ত হবে। এর ফলে ২০২৯ সাল পর্যন্ত অসহায় ও সুবিধাবঞ্চিত বাসিন্দারা সহায়তা পাওয়ার নিশ্চয়তা পাবেন।

টাওয়ার হ্যামলেটসের অ্যান্টি-পোভারটি টাস্কফোর্স-এর নতুন এক পর্যালোচনায় দেখা গেছে, এই বারাতে ১ লাখ ৩০ হাজারের মতো মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। এমনকি অর্ধেকেরও বেশি শিশু দারিদ্র্যসীমার নিচে বেড়ে উঠছে, অথচ টাওয়ার হ্যামলেটসেই যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল অবস্থিত।

এই তহবিলের অর্থ যেভাবে প্রদান করা হবে:

* রেসিডেন্ট সাপোর্ট স্কিমের মাধ্যমে সংকটকালীন সহায়তা হিসেবে প্রদান করা হবে ১ দশমিক ৩৫ মিলিয়ন পাউন্ড।

*  বাসিন্দাদের বাড়িভাড়া পরিশোধের সমস্যা ও আবাসন সংক্রান্ত চাপ মোকাবিলায় সহায়তার জন্য ১ দশমিক ১৬ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে।

* বারার ফুড হ্যাব কর্মসূচীর মাধ্যমে স্থানীয় খাদ্য সহায়তা সংস্থাগুলোকে প্রদান করা হবে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড।

*  প্রয়োজনীয় গৃহসামগ্রী সরবরাহের জন্যে কমিউনিটি কাপবোর্ডকে অর্থায়ন করা হবে।

* ওয়েলফেয়ার এবং আয় বৃদ্ধির উপায় সংক্রান্ত পরামর্শ সার্ভিসের পরিধি বাড়ানো হবে।

* স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর জন্য নতুন রেজিলিয়েন্স গ্রান্ট বা সক্ষমতা বৃদ্ধির অনুদান কর্মসূচি নিয়ে আসা হবে।

* গর্ভবতী নারীদের জন্য প্রস্তাবিত আর্থিক সহায়তা এবং বয়োজ্যেষ্ঠ বাসিন্দাদের জন্য পরিচালিত লাঞ্চন ক্লাবগুলোতে সহায়তা অব্যাহত রাখা হবে।

এই তহবিলটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বাসিন্দারা যেভাবেই কাউন্সিল বা সামাজিক সেবার সংস্পর্শে আসুন না কেন, তারা যেন সমন্বিত সহায়তা পেতে পারেন, যাকে বলা হচ্ছে নো রং ডোর  বা কোনো দরজাই ভুল নয়- এমন একটি পদ্ধতি।

এটি অ্যান্টি-পোভার্টি টাস্কফোর্স-এর মাধ্যমে দারিদ্র্য ও অসমতা দূর করার লক্ষ্যে কাউন্সিলের বৃহত্তর প্রচেষ্টাকেও সহায়তা করবে।

দারিদ্র্য বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বারা জুড়ে কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য অ্যান্টি-পোভার্টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। র‍্যাপিড নিডস অ্যাসেসমেন্ট হলো এই টাস্কফোর্সের প্রথম বড় উদ্যোগ, যা ভবিষ্যতের কার্যক্রমের জন্য একটি অভিন্ন তথ্য-উপাত্ত বা প্রমাণের ভিত্তি তৈরি করে দিয়েছে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন: "কোনো শিশুরই ক্ষুধার্ত থাকা উচিত নয় এবং কোনো পরিবারেরই কেবল নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য না থাকার কারণে সংকটের মুখে পড়া উচিত নয়। অথচ আমাদের বারাতে ১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন এবং আমাদের অর্ধেকেরও বেশি শিশু দারিদ্র্যসীমার নিচে বেড়ে উঠছে, যদিও টাওয়ার হ্যামলেটস দেশের অন্যতম অর্থনৈতিকভাবে সফল এলাকা।"

মেয়র আরো বলেন, "এই ৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগটি এমন বাসিন্দাদের জন্য অত্যন্ত জরুরি সহায়তা প্রদান করবে, যারা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে এটি তাদের আয় বৃদ্ধি করতে, আর্থিক চাপ সামলাতে এবং ভবিষ্যতের জন্য আরও বেশি নিরাপত্তা গড়ে তুলতে সাহায্য করবে। টাওয়ার হ্যামলেটস জুড়ে দারিদ্র্য ও অসমতা দূর করার আমাদের লক্ষ্যের পথে এটি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

ডেপুটি মেয়র এবং ট্যাকলিং ইনইকুয়ালিটি এন্ড দ্যা কস্ট অব লিভিং, ইম্প্রোভিং কাস্টমার সার্ভিসেস বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মাইউম তালুকদার বলেন, "অনেক বাসিন্দার জন্যই জীবনযাত্রার ব্যয়ের সংকট এখনো কাটেনি। পরিবারগুলোকে এখনো অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে যে তারা বাড়ি ভাড়া দেবে, নাকি খাবার কিনবে, নাকি নিত্যপ্রয়োজনীয় অন্যান্য খরচ মেটাবে।"

কাউন্সিলর তালুকদার বলেন, "আমাদের লক্ষ্য কেবল সংকটকালীন সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঋণ বিষয়ক পরামর্শ, আয় বৃদ্ধি, কমিউনিটি-চালিত সেবা এবং প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপের (আর্লি ইন্টারভেনশন) মতো বিষয়গুলোতে বিনিয়োগের মাধ্যমে আমরা বাসিন্দাদের আর্থিক নিরাপত্তা জোরদার করতে সাহায্য করছি। এর ফলে আমরা একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক টাওয়ার হ্যামলেটস গড়ে তুলছি, যেখানে প্রত্যেকেরই উন্নতির সমান সুযোগ রয়েছে।"

এই সিআরএফ কর্মসূচিটি কাউন্সিলের বিভিন্ন সেবা এবং বারা জোড়ে থাকা কমিউনিটি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হবে।

বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে, তাদের প্রাপ্য সব ধরনের সহায়তা তারা পাচ্ছেন কি না, তা যেন তারা নিশ্চিত করেন।

প্রতি বছর টাওয়ার হ্যামলেটসে প্রায় ১৮ ৭ মিলিয়ন পাউন্ড বেনিফিটের অর্থ অব্যবহৃত থেকে যায়। কাউন্সিলের অনলাইন বেনিফিট ক্যালকুলেটর ব্যবহার করে বাসিন্দারা সহজেই জেনে নিতে পারেন যে, তারা কোনো সরকারি সহায়তা, অনুদান বা আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য কি না, যা হয়তো তাদের অজানা ছিল।

এছাড়া, বাসিন্দারা আমাদের রেসিডেন্টস হাব-এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন উপদেষ্টার সাথে কথা বলতে পারেন। আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.towerhamlets.gov.uk/costofliving

 


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর