প্রকাশিত : ১৯:০১
১৪ নভেম্বর ২০২৬
সংগ্রাম দত্ত: ‘মা, বাবাকে বলিও, আমার জন্মদিনে স্কুলে আমার সব বন্ধুদের জন্য চকলেট আনতে।’
ছোট্ট মেয়ের আবদার শুনে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন মা, ‘ঠিক আছে মা, তোমার বাবা সবার জন্য চকলেট আনবেন।’
কথাগুলো হয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র দুই দিন আগে। তখনো কেউ জানতেন না, এই সামান্য কথোপকথন একদিন একটি পরিবারের জীবনের সবচেয়ে বেদনাবিধুর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। মেয়েটিও জানত না, মায়ের দেওয়া প্রতিশ্রুতির অপেক্ষায় থাকতে থাকতেই তাকে মায়ের চিরবিদায়ের খবর শুনতে হবে।
মেয়েটির নাম সুনন্দিতা দত্ত সৃজা। আগামী ১৮ নভেম্বর তার পঞ্চম জন্মদিন। শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস স্কুলের নার্সারি শ্রেণির এই শিক্ষার্থীর জন্মদিন ঘিরে ছিল নানা আয়োজন। নতুন জামা পরা, বন্ধুদের সঙ্গে আনন্দ করা, কেক কাটা আর সহপাঠীদের চকলেট দেওয়া—সব মিলিয়ে ছোট্ট পৃথিবীতে কত রঙিন স্বপ্ন!
কিন্তু সেই জন্মদিনের ছয় দিন আগেই নিভে গেল তার মায়ের জীবনপ্রদীপ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ঝলক দত্তের সহধর্মিণী সেবা দত্ত (৪১) আর নেই। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
একটি পরিবারের স্বাভাবিক জীবনে নেমে এসেছে গভীর শোক। আর পাঁচ বছরের ছোট্ট সুনন্দিতার পৃথিবী থেকে হারিয়ে গেছে তার সবচেয়ে নির্ভরতার আশ্রয়—মা।
চিকিৎসার জন্য ছুটেছেন দেশ থেকে বিদেশে
সেবা দত্তের জীবনের শেষ অধ্যায়টি ছিল দীর্ঘ অসুস্থতা ও বেঁচে থাকার নিরন্তর সংগ্রামে ভরা। তিনি দীর্ঘদিন ধরে সিস্টেমিক ক্লোরোসিস রোগে আক্রান্ত ছিলেন। শারীরিক জটিলতা বাড়তে থাকায় পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল ভারতের বেঙ্গালুরুও।
স্বজনদের প্রত্যাশা ছিল, চিকিৎসায় হয়তো সুস্থ হয়ে উঠবেন তিনি। আবার ফিরে আসবেন সংসারে, মেয়েকে নিয়ে কাটাবেন স্বাভাবিক দিনগুলো। কিন্তু অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরও শেষ পর্যন্ত তাঁকে ফিরিয়ে আনা গেল না জীবনের স্বাভাবিক ছন্দে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চলছিল তাঁর চিকিৎসা। প্রতিটি মুহূর্তে পরিবারের মানুষজন অপেক্ষা করছিলেন একটি সুসংবাদের। কিন্তু সেই অপেক্ষার অবসান হয় চিরবিদায়ের সংবাদে।
যে জন্মদিনে মায়ের থাকার কথা ছিল
সুনন্দিতার জন্মদিন নিয়ে পরিবারের পরিকল্পনা ছিল। মেয়েটি তার স্কুলের সহপাঠীদেরও বাসায় আসার আমন্ত্রণ জানিয়েছিল। জন্মদিনের আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রস্তুতি চলছিল।