প্রকাশিত :  ০৫:৪৮
১৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজীপুরের কালিয়াকৈরে নারী শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় দফায় দফায় অবরোধের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, তিন দিন আগে পুলিশের পিটুনিতে এক নারী শ্রমিক আহত হন। পরে ওই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে তারা কর্মস্থল থেকে বেরিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ বলছে, নারী শ্রমিক নিহত হওয়ার খবরটি গুজব।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ চালিয়ে যান শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ ১০ থেকে ১৫টি টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা স্থান পরিবর্তন করে আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করেন। সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন স্থানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশের পিটুনিতে এক নারী শ্রমিক আহত হয়ে মারা গেছেন। ওই শ্রমিকের মৃত্যুর বিচার দাবিতে তারা মহাসড়কে নেমেছেন। কিন্তু পুলিশ তাদের ওপর টিয়ার শেল ও লাঠিপেটা করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শনিবারও শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। শ্রমিকেরা তিনটি স্থানে বারবার অবরোধের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর