প্রকাশিত :  ০৬:২৫
১২ নভেম্বর ২০২৬

ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

হুমকি কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি।

তিনি বলেছেন, সব ধরনের বাধা উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন আইআরজিসি প্রধান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এ খবর প্রকাশ করেছে।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের অবদানের কথা স্মরণ করেন ওয়াহিদি।

আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আজও সেই একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে দেশের শক্তি গড়ে তুলছেন।’

তিনি আরও বলেন, ‘শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের শক্তিতে এ পথচলা অব্যাহত থাকবে।’

বার্তায় আইআরজিসির সাবেক মহাকাশ ও বিমান বাহিনীর দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ওয়াহিদি।

একই সঙ্গে বাহিনীর সদস্যদের ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দেশটির ক্ষেপণাস্ত্র ও সামরিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও চাপ অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর