প্রকাশিত :  ১৮:০৮
১০ নভেম্বর ২০২৬

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পেতে পারে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিকালে আনতালিয়ায় পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। 

এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তুর্কি হাউসে এরদোগানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এরদোগান।

এদিকে কপ-৩১ সম্মেলনেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রমে সহায়তা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার বিষয়গুলো সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন।

বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করার বিষয়েও জোর দেওয়া হবে। পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।

কপ-৩১-এর ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর