প্রকাশিত : ১৭:০৮
০৯ নভেম্বর ২০২৬
সংগ্রাম দত্ত: দুবাইয়ের রাজপথে দীপাবলি বা দিওয়ালি উদযাপনের এক মনোমুগ্ধকর দৃশ্য। আধুনিক নগরীর ঝলমলে পরিবেশে আলোর বর্ণিল আয়োজন দেখতে রাস্তার পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে পড়েছেন বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। কেউ মুগ্ধ হয়ে উপভোগ করছেন উৎসবের সৌন্দর্য, কেউ আবার মুঠোফোনে ধারণ করছেন সেই স্মরণীয় মুহূর্ত।
ভিডিওর এই দৃশ্য ভারতের অযোধ্যা, কাশী-বেনারস, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই কিংবা কলকাতার কোনো উৎসবের দৃশ্য নয়; এটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আধুনিক ও আন্তর্জাতিক নগরী দুবাইয়ের।
ভারতের মাটিতে জন্ম নেওয়া হাজার বছরের ঐতিহ্যবাহী এই আলোর উৎসব আজ আর কোনো একটি দেশ বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রবাসী ভারতীয়দের হাত ধরে দীপাবলি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। দুবাইয়ের এই দৃশ্য তারই এক সুন্দর উদাহরণ।
এখানে উৎসবের আনন্দের পাশাপাশি ফুটে উঠেছে বহুসাংস্কৃতিক সমাজের সৌন্দর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এক অনন্য চিত্র। ধর্ম, বর্ণ কিংবা জাতীয়তার ভিন্নতা থাকলেও আনন্দের মুহূর্ত মানুষকে এক সুতোয় বাঁধতে পারে।
দীপাবলির আলো তাই শুধু প্রদীপের আলো নয়; এটি ভালোবাসা, সৌহার্দ্য, সহাবস্থান ও মানবিক ঐক্যের প্রতীক।
আলো সবার, আনন্দও সবার—ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার।