প্রকাশিত :  ১৬:১৮
০৯ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প?

ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প?

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ আর দীর্ঘায়িত করতে চাইছেন না । যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে, জ্বালানি তেলের দাম বেড়েছে। পাশাপাশি জনমত জরিপেও এ যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের ব্যাপক অসন্তোষের চিত্র উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ইরানে আবার হামলা শুরু না করার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউস থেকে আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানিয়েছেন, যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এর প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনের ফলেও এ যুদ্ধের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ফিশার বলেন, গত কয়েক ঘণ্টায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এর পেছনে রয়েছে ইরানে নতুন করে হামলা শুরু না করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য। তবে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে মার্কিন নাগরিকদের ওপর পড়েছে। বিষয়টি ট্রাম্পও উপলব্ধি করছেন।

এদিকে, ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম আলোচনায় আসার পর যুদ্ধ বন্ধের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। ওয়াশিংটনের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ফিশার জানান, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার বিষয়ে ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন মিলার।

মিলারের যুক্তি ছিল, এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটানোর পথ খুঁজে বের করা প্রয়োজন।

ফিশারের মতে, ট্রাম্পের নতুন করে ইরানে হামলা না চালানোর বক্তব্যের সঙ্গে মিলারের এই পরামর্শের মিল রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প এ ধরনের অবস্থানের কথা বলে আসছেন। ফলে ইরান যুদ্ধ ধীরে ধীরে গুটিয়ে আনার সিদ্ধান্তে মিলারের প্রভাব পড়ছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর