প্রকাশিত :  ০৭:২৭
০৯ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

তেঁতুলিয়ায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ঝলমল করছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গ। সময়ের সঙ্গে বদলে যাওয়া মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করতে তেঁতুলিয়ায় ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু পর্যটকরা।

সোমবার (৯ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে।

এদিন ভোরের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য হয়ে ওঠে মনোমুগ্ধকর। সূর্যের আলো বরফে ঢাকা পর্বতশৃঙ্গে পড়ায় কখনো সোনালি, কখনো শুভ্র আভায় রূপ নেয় পুরো পাহাড়। মহানন্দা নদীর তীর, ডাকবাংলো এলাকা ও আশপাশের বিভিন্ন উন্মুক্ত স্থান থেকে পর্যটকরা উপভোগ করছেন হিমালয়ের এ অপরূপ দৃশ্য।

কয়েক দিনের বিরতির পর আবারও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় তেঁতুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের আনাগোনা বাড়ছে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রকৃতির এই অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসছেন উত্তরের এই জনপদে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য।

পর্যটকদের রাতযাপনের জন্য রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্সসহ বেসরকারিভাবে গড়ে ওঠা বিভিন্ন আবাসিক হোটেল ও রিসোর্ট। ভোরের সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক আগের রাতেই তেঁতুলিয়ায় অবস্থান করছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন বলেন, কয়েক দিনের বিরতির পর আবারও তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, তেঁতুলিয়ার পর্যটন খাতের উন্নয়ন এবং নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।


Leave Your Comments




ভ্রমণ এর আরও খবর