প্রকাশিত :  ০৪:২৫
০৯ নভেম্বর ২০২৬

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডিটেনশন সেন্টারে বন্দী থাকা অবস্থায় ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পাঠে মনোনিবেশ করেছেন এবং একজন র্যাবাইসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। 

রোববার (৮ নভেম্বর) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মাদুরোর জেলের অভিজ্ঞতা সম্পর্কে অবহিত ছয়জন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির সূত্রে জানা গেছে, বন্দী অবস্থায় তিনি তার প্রচুর অবসর সময় বাইবেল ও কুরআনসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক পাঠ্যবই পড়ে কাটাচ্ছেন।

আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহ থাকা মাদুরো একজন পাদ্রী এবং একজন র্যাবাইসহ কারাধ্যক্ষদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

মাদুরো প্রকাশ্যে দাবি করেছেন, তার সেফার্ডিক ইহুদি ঐতিহ্য রয়েছে, যা গত শতকে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় স্থানান্তরিত হয়েছিল। তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, গ্রেপ্তারের আগে তিনি ইহুদি ধর্মের প্রতি কোনো আগ্রহ দেখাননি।

ক্ষমতায় থাকাকালীন মাদুরো একজন অনুশীলনকারী ক্যাথলিক ছিলেন, তবে একই সঙ্গে একজন সামাজিক ভাবধারার পাদ্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও তার উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন। তিনি ইভানজেলিক্যাল খ্রিস্টানদের ভোট আকর্ষণের চেষ্টাও করেছিলেন।

বর্তমানে ৬৩ বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তা করাসহ নানা অভিযোগ রয়েছে এবং আগামী বছর তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশে স্পেশাল ফোর্সের সৈন্যরা কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার ৭০ বছর বয়সী স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। উভয়ই আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

কারাগারে থাকা অবস্থায় মাদুরোর উল্লেখযোগ্য ওজন কমেছে বলে জানা গেছে। জেলের নিম্নমানের খাবারের কারণে তার ওজন কমার প্রক্রিয়া দ্রুত হয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে তিনি খাবারের বিষয়ে অভিযোগ করেছেন।

অন্যদিকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও নাজুক। জানুয়ারিতে গ্রেপ্তারের সময় জরায়ু অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা ফ্লোরেস বুকের ব্যথার জন্য নাইট্রোগ্লিসারিন নিচ্ছেন, দুটি দাঁত হারিয়েছেন এবং ২৫ পাউন্ডের বেশি ওজন হারিয়েছেন।

আদালতের নথি অনুযায়ী ফ্লোরেসকে তিন মাস নির্জন কারাবাসে রাখা হয়েছিল এবং পরে সাধারণ বন্দীদের সঙ্গে স্থানান্তরের পর অন্য বন্দীদের মারামারি থামাতে ব্যবহৃত পেপার স্প্রেতে তিনি ক্ষতিগ্রস্ত হন। তার আইনি দল ধারণা করছে যে জুলাই মাসে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

শারীরিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে ফ্লোরেস জামিনের আবেদন করলেও বিচারক আলভিন কে হেলারস্টেইন তা প্রত্যাখ্যান করেন। বিচারক হেলারস্টেইন ৯২ বছর বয়সে গত মাসে মৃত্যুবরণ করার পর বিচারক অ্যানালিসা টরেস মামলাটির দায়িত্ব নিয়েছেন।

ল্যাটিন আমেরিকার অন্যান্য নেতাদের সঙ্গে ইহুদি ধর্মের সম্পর্কের প্রসঙ্গে দ্য নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই তোরাহ পাঠ করেন এবং আল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর