প্রকাশিত : ১০:১৮
০৬ নভেম্বর ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধসের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতনে এক দিনেই প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি (২.৫ ট্রিলিয়ন) ডলারের বাজারমূল্য উধাও হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এর প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। শুক্রবার (৬ নভেম্বর) লেনদেন শুরুর পর দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক প্রায় ৯ শতাংশ পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখতে হয়।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক বৃহস্পতিবার ৫ দশমিক ৫২ শতাংশ কমে সংশোধন পর্যায়ে প্রবেশ করে। গত ৬ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে সূচকটি ১০ শতাংশের বেশি নেমে গেছে। ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের পতন। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোনসও একই সময়ের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়েছে।