প্রকাশিত : ০৬:৫০
০৬ নভেম্বর ২০২৬
তেহরানের এঙ্গেলব চত্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী একটি বিলবোর্ডের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং এ যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছেন ইরানের আইনপ্রণেতা মাহমুদ নবভিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধারাবাহিক কয়েকটি পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের সভ্যতা ধ্বংস করা, দেশটিকে বিভক্ত করা, ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত করা এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিশ্চিহ্ন করা।
নবভিয়ানের দাবি, ইরানের প্রতিরোধ ও সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়েছে এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকেও বড় ধরনের কৌশলগত সুবিধা হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, যুদ্ধের মধ্য দিয়ে ইরান একটি ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত হয়েছে।
এ সময় যুদ্ধের ফলাফল নিয়ে ভিন্ন বয়ান তৈরির বিষয়ে সতর্ক করেন নবভিয়ান। তার অভিযোগ, ভীত ও পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত কিছু কণ্ঠস্বর যুদ্ধের জয়-পরাজয়ের প্রকৃত চিত্র উল্টে দেওয়ার চেষ্টা করতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর নবভিয়ান এসব মন্তব্য করেন।
সূত্র: আল জাজিরা