সংগ্রাম দত্ত: অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)–এর বিরুদ্ধে সিলেট সাইবার আদালতে করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের একটি স্থানীয় রেস্টুরেন্টে প্রেসক্লাবের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিক এহসানুল হক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এবং দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি, শিক্ষা উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকেরা।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদস্য সচিব রুবেল আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা এবং প্রেসক্লাবের সদস্য এম এ রকিব, সাইফুল ইসলাম ও সৈয়দ ছায়েদ আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামসুল ইসলাম শামীম এবং সদস্য কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, মিজানুর রহমান আলম ও সুলতান মাহমুদ।
সভায় সাংবাদিক এহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়ে আগামী বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদ।
বিবৃতিতে তাঁরা বলেন, শ্রীমঙ্গল উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ডা. সিনথিয়া তাসনিম সাংবাদিক মো. এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে যে মামলা করেছেন, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার কর্মকাণ্ড কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার প্রবণতা মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
বিশেষ করে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের তথ্য জানার অধিকার সরাসরি ক্ষতিগ্রস্ত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন তাঁরা।
জরুরি সভা ও যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা সাংবাদিক এহসানুল হকসহ সব সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে পুরো ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তাঁরা।
দাবি মানা না হলে সাংবাদিক সমাজ নিজেদের অধিকার আদায়ে কঠোর আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসক্লাব নেতারা।
Leave Your Comments