প্রকাশিত : ০৬:৫৩
০৪ নভেম্বর ২০২৬
লন্ডন, ৩ নভেম্বর ২০২৪: বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠানে কয়েকটি অনলাইন সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল সাংবাদিকদের উদ্দেশে অত্যন্ত অশালীন, কুরুচিপূর্ণ ও অবমাননাকর ভাষায় যে মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, জনাব মাহী জলিল সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নিয়েও অত্যন্ত আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন। এ ধরনের বক্তব্য সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সম্মানের প্রতি চরম অবমাননার শামিল।
মাহী জলিলের বক্তব্যের কারণে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিকগণ হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তাদের সম্মানহানী হয়েছে। কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের যে অবদান সেটিকে অবমূল্যায়ন করা হয়েছে, যা একেবারে অগ্রহণযোগ্য।
আমরা লক্ষ্য করেছি, মাহী ফেরদৌস জলিল ইতোমধ্যে একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে লন্ডন বাংলা প্রেস ক্লাব মনে করে, এ ধরনের অবমাননাকর বক্তব্যের জন্য তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে একটি বিবৃতি প্রদান করা উচিৎ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য তাঁর প্রতি আহ্বান জানাচ্ছে ।
লন্ডন বাংলা প্রেস ক্লাব আরো আশা করে, তিনি ভবিষ্যতে সাংবাদিক সমাজের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর বিসিএ'র বার্ষিক অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠানে কয়েকটি অনলাইন সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব আপত্তিকর মন্তব্য করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি