প্রকাশিত :  ০৫:০১
০৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ ফিরল গোবিন্দগঞ্জে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ ফিরল গোবিন্দগঞ্জে

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলার শিকার হয়ে গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর স্বজনরা তাঁর মরদেহ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গ্রামের বাড়িতে ফিরেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তৌফিক শেখ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণগড়িয়া গ্রামের মো. তৈয়বুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের লায়লা স্টাইল গার্মেন্টস লিমিটেডে কাজ করতেন।

তাঁর ১২ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম। তিনি জানান, মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে পড়াশোনা ছেড়ে গাজীপুরে যান তৌফিক। পরে এক বন্ধুর মাধ্যমে লায়লা স্টাইল গার্মেন্টসে চাকরি নেন। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। ওই আন্দোলনে সক্রিয় ছিলেন তৌফিক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গত সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন তৌফিক।

পরে আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

তৌফিকের বড় ভাই হারুন বলেন, ছোট ভাইয়ের মরদেহ নিয়ে তাঁরা গ্রামের বাড়িতে ফিরেছেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর