প্রকাশিত :  ০৬:১০
০২ নভেম্বর ২০২৬

সিলেটে চেক ডিজঅনার মামলায় নারী কারাগারে

 সিলেটে চেক ডিজঅনার মামলায় নারী কারাগারে

সিলেটে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত মোছা. ফাতেমা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি নগরের ধোপাদিঘীর পূর্বপাড়ের সি ব্লকের বাসিন্দা মো. শামীম খাঁনের মেয়ে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের নিকটাত্মীয় শাহপরান থানার খাদিমনগর টিকরপাড়া এলাকার শফিক মিয়ার মেয়ে স্বপ্না খাতুনের কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে টাকা পরিশোধের তাগাদা দিলে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি তিনি স্বপ্নাকে উত্তরা ব্যাংক সিলেট শাখার তার হিসাব নম্বরের ৪ লাখ টাকার চেক প্রদান করেন। ওই বছরের ৬ জুন তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংক বটেশ্বর শাখায় চেকটি জমা দিলে তা ডিজঅনার হয়।

এ ব্যাপারে মৌখিকভাবে ফাতেমাকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পরে ৩০ দিনের মধ্যে তার পাওনা পরিশোধের জন্য ১১ জুন স্বপ্না লিগ্যাল নোটিশ পাঠান। এতেও কাজ না হওয়ায় তিনি ওই বছরের ১৮ জুলাই অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের (নং শাহপরান সিআর মামলা নং ২৮৫/২৪) করেন।

গত ৭ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট ফারহানা সুলতানা।

রায়ে ফাতেমাক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে কোতোয়ালী মডেল থানাপুলিশ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ও আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকের। আর কারাগরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আদালত সূত্র।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর