প্রকাশিত :  ১১:০৫
২৩ অক্টোবর ২০২৬

আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনে ট্রাম্পের প্রস্তাব, রাজি হননি গুগল সিইও

আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনে ট্রাম্পের প্রস্তাব, রাজি হননি গুগল সিইও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক মহাসাগরের নাম নিজের নামে কিংবা ‘আমেরিকা’ যুক্ত করে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন গুগলকে। তবে গুগল ম্যাপসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সেই প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন ট্রাম্প।

বুধবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি- গুগলের সিইওর সঙ্গে ফোনে কথা বলে তিনি জানতে চেয়েছিলেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি প্রতিষ্ঠানটি বিবেচনা করতে পারবে কি না।

ট্রাম্প বলেন, ‘আমি দুটি মহাসাগরই পছন্দ করি- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে চাই না। তাই আমরা আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলাম।’

এ সময় গুগল ম্যাপসের মাধ্যমে আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের প্রসঙ্গও তোলেন তিনি। ট্রাম্প বলেন, উপসাগরের নাম পরিবর্তনের পর গুগল এখনো সেই ঘটনা নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে। এরপর তিনি সুন্দর পিচাইকে বলেছিলেন, ‘সুন্দর, আমি আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের কথা ভাবছি।’

তবে মার্কিন প্রেসিডেন্টের সেই প্রস্তাবে রাজি হননি গুগলের সিইও। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী প্রস্তাবটি প্রত্যাখ্যান করে পিচাই বলেন, ‘না, না, না। এবার আমি এটা করছি না। মহাসাগরের বিষয়টি আলাদা। এগুলো অনেক দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে রয়েছে। দয়া করে আমাদের এমন কিছু করতে বলবেন না।’

এরপর ট্রাম্প বলেন, প্রস্তাবটি থেকে তিনি সম্ভবত সরে আসবেন। সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, তার এ প্রস্তাব বাদ দেওয়া উচিত কি না। পরে আটলান্টিক মহাসাগরের বর্তমান নামই রাখার পক্ষে মত দেন তিনি।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পরে গুগল ম্যাপসে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন নামটি প্রদর্শন করা হয়। তবে মেক্সিকোর ব্যবহারকারীরা আগের নামই দেখতে পান। অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ক্ষেত্রে নাম প্রদর্শনে ভিন্নতা রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধের মধ্যে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নেন ট্রাম্প। এ নাম ব্যবহারে মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রতি নির্দেশনাও জারি করেন তিনি।

ট্রাম্পের এসব নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে মেক্সিকো ও কানাডাসহ বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। গুগল ম্যাপসে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য সংশ্লিষ্ট স্থানের নাম নতুনভাবে দেখানো হলেও অনুসন্ধানের ফলাফলে মূল নামটি বন্ধনীর মধ্যে রাখা হয়। অন্যদিকে মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীরা আগের নাম দেখতে পান।

এর আগে হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনের কথাও বলেছিলেন ট্রাম্প। গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা যায় কি না। যুক্তরাষ্ট্রের মতো এ নামও আগের চেয়ে বেশি ‘আলোচিত’ হবে।



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর