প্রকাশিত : ০৭:০৫
২২ অক্টোবর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের ওল্ডহামে অনুষ্ঠিত হলো নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।
গত ২০ অক্টোবর মঙ্গলবার নর্থ ইংল্যান্ডের ওল্ডহাম এম্পায়ার স্যুইট ব্যাংকুইটিং হলে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এক দশক ধরে নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে কাজ করে যাচ্ছে নেবট্রা । এর পাশাপাশি সংগঠনটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
নেবট্রার নতুন কমিটির সভাপতি শিপার মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন শিবলী ও মওদুদ আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওল্ডহাম সিটির সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নেবট্রার সদ্য সাবেক সভাপতি এম জি কিবরিয়া তার বিদায়ী বক্তব্যে নেবট্রা সভাপতি হিসাবে তার ইংল্যান্ড ও আমেরিকার বিভিন্ন শহরে সফর কালে যেসব বাংলাদেশী সংগঠন, পত্র-পত্রিকা, অনলাইন ও টেলিভিশন মিডিয়া তাকে সম্মান ও সংবর্ধনা দিয়েছেন, নেবট্রার পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নেবট্রার উপদেষ্টাদের উপস্থিতিতে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক যোশী। পরে স্বাগত বক্তব্যে নতুন কমিটির সভাপতি মো. শিপার মিয়া সংগঠন পরিচালনায় সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন l
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন প্রবাসে ও বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে দেশের মানুষের সংযোগ স্থাপন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সংবাদ পরিবেশনে নেবট্রার সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সময়োপযোগী গণমাধ্যমচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নেবট্রার সদ্য সাবেক সভাপতি এম জি কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল ও মওদুদ আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন শিবলী এবং তখলিছ মিয়াকে নেবট্রার অগ্রযাত্রায় তাদের অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সব সদস্যের সহযোগিতায় নেবট্রার কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির সংবাদ ও কার্যক্রম আরও কার্যকরভাবে তুলে ধরার অঙ্গীকারও করেন।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের জমজমাট ডিনার পার্টির মধ্য দিয়ে শেষ হয় নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।