প্রকাশিত :  ১০:০৬
১৯ অক্টোবর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

রাজধানী ঢাকার মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে 'শুটার লেলিন'কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এর আগেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর জোনাল টিম। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা— শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকা।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা (নম্বর: ১৯) দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হলেন এই লেলিন। তার বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, জবরদখল এবং ত্রাস সৃষ্টির মতো গুরুতর একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।



Leave Your Comments




জাতীয় এর আরও খবর