প্রকাশিত : ০৫:১৮
১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।