প্রকাশিত :  ০৬:২৩
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক উদ্ধারের জন্য সীমান্ত এলাকায় অভিযান চালাতে যান ওই দুই সদস্য। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।

সেখানে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। পরে রোহিতকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। এরপর স্থানীয় ব্যক্তিরা তাদের বিএসএফের কাছে হস্তান্তর করেন। বিএসএফ পরে দুজনকেই নিয়ে যায়।

ওসি মো. ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর