প্রকাশিত :  ০৭:০৮
১১ অক্টোবর ২০২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাঁকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মানিকগঞ্জের ওই যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তানজিন তিশা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি লিখেছেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে অবস্থিত ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তানজিন তিশার। তাকে স্বাগত জানাতে আয়োজকদের ছিল নানা প্রস্তুতি, আর ভক্তদের মাঝেও ছড়িয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

দুর্ঘটনার রাতের বিবরণ দিয়ে তানজিন তিশা জানান, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিশা আরও বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীরা তানজিন তিশাকে নিয়ে উদ্বেগ জানাচ্ছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন।

অভিনয় দিয়ে ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি নেটদুনিয়াতেও সরব উপস্থিতি রয়েছে এই তারকার।


Leave Your Comments




বিনোদন এর আরও খবর