প্রকাশিত : ১৯:২১
০৬ অক্টোবর ২০২৬
সংগ্রাম দত্ত: দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে দেশের বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠে ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এসব অবকাঠামো উন্নত করা গেলে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলায় নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের সুযোগ তৈরি হবে।
তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর ওয়ার্ড পর্যায়েও ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।
শুধু মাঠ ও অবকাঠামো নয়, শিক্ষার সঙ্গে খেলাধুলাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দখলমুক্ত হবে খেলার মাঠ
মৌলভীবাজারের বিভিন্ন খেলার মাঠ দখল হয়ে থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করতে হলে প্রথমেই তাদের খেলার জায়গা নিশ্চিত করতে হবে। এ জন্য বিদ্যমান মাঠগুলো রক্ষা ও ব্যবহারোপযোগী করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
শুধু অংশগ্রহণ নয়, লক্ষ্য পদক
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই সন্তুষ্ট থাকতে চায় না; সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায়।
এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।