প্রকাশিত : ১৭:০৬
০৬ অক্টোবর ২০২৬
৭৩টি দল ও প্রায় এক হাজার খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন আজ্জুরি অল স্টারস, নারী বিভাগে লেডিস ইস্ট এন্ড একাডেমি
টাওয়ার হ্যামলেটসের তৃণমূল পর্যায়ের ফুটবলকে উৎসাহিত করতে আয়োজিত মেয়র’স ফুটবল কাপ ২০২৬ শেষ হয়েছে জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণী এবং আবেগঘন শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। দুই সপ্তাহান্তে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ৭৩টি দল ও প্রায় এক হাজার খেলোয়াড় অংশ নেন।
টুর্নামেন্টের উন্মুক্ত পুরুষ বিভাগে শিরোপা জিতেছে আজ্জুরি অল স্টারস। ফাইনালে স্টেপনি ইয়ুথের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
নারী বিভাগের ফাইনালে গত বছরের রানার্সআপ লেডিস ইস্ট এন্ড একাডেমি এবার টাওয়ার হ্যামলেটস উইমেনস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনূর্ধ্ব-১৬ বিভাগের ফাইনালে নির্ধারিত সময়ে ভ্যালান্স ও ওয়ান গোলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়ে শিরোপা জেতে ভ্যালান্স।
অনূর্ধ্ব-১৪ বিভাগের ফাইনালে ফ্রন্টলাইন কমিউনিটির দুটি দল ব্ল্যাক ও গোল্ড মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ৪-০ গোলে জয় পায় ফ্রন্টলাইন ব্ল্যাক।
তবে এই ম্যাচটি শুধু শিরোপা জয়ের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। এবারের গ্রীষ্মে মিলওয়াল ডকে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ফ্রন্টলাইন কমিউনিটির তরুণ অধিনায়ক বান্টা সিল্লাহর স্মরণে ম্যাচ চলাকালে খেলোয়াড় ও কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগের দিন অনুষ্ঠিত জুনিয়র বিভাগের ফাইনালগুলোতেও ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। জুনিয়র বিভাগে ভ্যালান্স তিনটি শিরোপা জিতে নেয়। এছাড়া মাইল এন্ড স্পোর্টিং ও সেন্ট্রাল টাইগার্সও শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে।
খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “মেয়র’স ফুটবল কাপ তৃণমূল পর্যায়ের ফুটবলের এক চমৎকার আয়োজন। খেলাধুলার শক্তির মাধ্যমে এটি বিভিন্ন কমিউনিটিকে একত্রিত করে। প্রতিবছর এই প্রতিযোগিতা সব বয়সী বাসিন্দাকে শারীরিকভাবে সক্রিয় থাকতে, পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে এবং সুস্থ জীবনযাপনের সুফল উপভোগ করতে উৎসাহিত করে।
“এবারের প্রতিযোগিতাকে সফল করে তোলার জন্য সব খেলোয়াড়, কর্মকর্তা, অংশীদার, স্পনসর ও সমর্থকদের আন্তরিকতা ও অবদানের জন্য আমি ধন্যবাদ জানাই।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক কেবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন এবং টুর্নামেন্টের স্পনসর ক্ল্যারিয়ন ফিউচারস, ক্যানারি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউজি), গিল্ডমোর ও রিনির প্রতিনিধিরা। তাঁরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পদক ও ট্রফি তুলে দেন।
কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “এবারের মেয়র’স ফুটবল কাপে এত বিপুলসংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ দেখে অত্যন্ত ভালো লেগেছে। এটি আমাদের অন্যতম সফল টুর্নামেন্টে পরিণত হয়েছে। এ ধরনের আয়োজন স্বাস্থ্য, সুস্থতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফুটবলের প্রতি সবার অভিন্ন ভালোবাসার মাধ্যমে কমিউনিটিকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
“খেলার মাঠে সাফল্য উদযাপনের বাইরেও এই টুর্নামেন্ট সব বয়সী ও বিভিন্ন পটভূমির খেলোয়াড়দের নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে, প্রতিকূলতা মোকাবিলায় আত্মবিশ্বাসী হতে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে এমন অভিজ্ঞতা অর্জনে অনুপ্রাণিত করে।”
এবারের মেয়র’স ফুটবল কাপের অন্যতম আকর্ষণ ছিল সেন্ড (এসইএনডি অর্থাৎ বিশেষ শিক্ষাগত চাহিদা ও প্রতিবন্ধিতা) স্পোর্টস ফেস্টিভ্যালের প্রত্যাবর্তন। ভ্যালান্স কমিউনিটি ট্রাস্টের সমন্বয়ে আপাসেন, অ্যাকসেস স্পোর্টস, ইয়াং টাওয়ার হ্যামলেটস, এনএইচএস ইস্ট লন্ডন ফাউন্ডেশন এবং লন্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এদিকে মেয়র’স গার্লস স্কুল কাপের ম্যাচ আগামী ৮ অক্টোবর মাইল এন্ড স্টেডিয়ামের মিনি পিচে অনুষ্ঠিত হবে।
মেয়র’স ফুটবল কাপ ২০২৬-এর ফলাফল
অনূর্ধ্ব-৮ বিভাগে ভ্যালান্স চ্যাম্পিয়ন এবং ভিক্টোরিয়া পার্ক রানার্সআপ হয়েছে। অনূর্ধ্ব-৯ বিভাগে মাইল এন্ড স্পোর্টিং চ্যাম্পিয়ন এবং ভিক্টোরিয়া পার্ক রানার্সআপ হয়েছে। অনূর্ধ্ব-১০ বিভাগে ভ্যালান্স চ্যাম্পিয়ন এবং ওয়ান গোল রানার্সআপ হয়েছে। অনূর্ধ্ব-১১ বিভাগে ভ্যালান্স চ্যাম্পিয়ন এবং মাইল এন্ড স্পোর্টিং রানার্সআপ হয়েছে। অনূর্ধ্ব-১২ বিভাগে সেন্ট্রাল টাইগার্স চ্যাম্পিয়ন এবং ভ্যালান্স রানার্সআপ হয়েছে। অনূর্ধ্ব-১৪ বিভাগে ফ্রন্টলাইন ব্ল্যাক চ্যাম্পিয়ন এবং ফ্রন্টলাইন গোল্ড রানার্সআপ হয়েছে। অনূর্ধ্ব-১৬ বিভাগে ভ্যালান্স চ্যাম্পিয়ন এবং ওয়ান গোল রানার্সআপ হয়েছে। উন্মুক্ত নারী বিভাগে লেডিস ইস্ট এন্ড একাডেমি চ্যাম্পিয়ন এবং টাওয়ার হ্যামলেটস উইমেনস রানার্সআপ হয়েছে। উন্মুক্ত পুরুষ বিভাগে আজ্জুরি অল স্টারস চ্যাম্পিয়ন এবং স্টেপনি ইয়ুথ রানার্সআপ হয়েছে।