প্রকাশিত : ১২:৫০
০২ অক্টোবর ২০২৬
সংগ্রাম দত্ত, প্রতিনিধি শ্রীমঙ্গল: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চলের ভেতরে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগকারী হুক ছিঁড়ে গেছে। এতে একটি বগি অপরটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বনাঞ্চলের ভেতরেই ট্রেনটি আটকা পড়ে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেল তিনটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল তিনটার দিকে লাউয়াছড়া বনের গভীর অংশ দিয়ে ট্রেনটি অতিক্রম করার সময় হঠাৎ এক বগির সঙ্গে আরেক বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে একটি বগি অপরটি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা সামনে চলে যায়। অন্যদিকে যাত্রীবাহী বগিগুলো বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে।
ঘটনার পর ট্রেনের যাত্রীরা বনাঞ্চলের ভেতরে আটকা পড়েন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইঞ্জিন ও বগিগুলো পুনরায় সংযুক্ত করার কাজ শুরু করেছেন। উদ্ধারকাজ শেষ হলে ট্রেনটি আবার যাত্রা করবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ছিঁড়ে লাউয়াছড়া বনের ভেতরে ট্রেনটি আটকা পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সিলেট বিভাগের অন্যতম গভীর বনাঞ্চল। পাহাড়ি ও দুর্গম এই বনাঞ্চলের ভেতর দিয়ে রেলপথটি চলে গেছে। এ কারণে বিভিন্ন সময় আন্তঃনগর ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও নানা কারণে এখানে আটকা পড়ার ঘটনা ঘটেছে। অতীতেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ এখন বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।